কুয়ালা লামপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমকামিতার অভিযোগে অভিযুক্ত মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম শুক্রবার ওই মাললা সম্পর্কে পুলিশকে তার বক্তব্য জানিয়েছেন। তবে মামলা তদন্তে ডিএনএ দেওয়ার জন্য তার ওপরে চাপ অব্যাহত রেখেছে সরকার।
এক সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ গত বুধবার আনোয়ারকে গ্রেপ্তার করে। তবে পরের দিন বৃহস্পতিবারই তিনি জামিনে মুক্তি পান।
ওই মামলায় আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক বিদ্বেষের কারণে তার চরিত্রে কলঙ্ক লেপনের জন্য এই ধরনের হীন অভিযোগ আনা হয়েছে।
আনোয়ারের এক আইনজীবী জানিয়েছেন, তিনি শুক্রবার আদালতে তার বক্তব্য জানিয়েছেন।
আইনজীবী সিভারাসা রাশিহা রয়টার্সকে বলেন, "তিনি পুলিশকে সমস্ত তথ্য দিয়েছেন। সেখানে তিনি অনেক কিছুই জানিয়েছেন যা আমি এখন প্রকাশ্যে বলতে পারছি না।"
এদিকে, প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি শুক্রবার বলেছেন, আনোয়ার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলে তাকে অবশ্যই ডিএনএ দিতে হবে।
তিনি বলেন, "আনোয়ার বলছেন, তিনি কোনো অপরাধ করেননি। তাই যদি হয়, তাহলে ডিএনএ পরীক্ষায় তিনি নির্দোষ প্রমাণিত হবেন। আমরাও সেটা চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫০ ঘ.
bdnews24