২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন প্রত্যাহার করবে না আইসিসি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান বিচারপতি বৃহস্পতিবার জানিয়েছেন, সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন তিনি প্রত্যাহার করবেন না। তবে জাতিসংঘ জানিয়ে দিয়েছে আইসিসিকে তাদের এই কাজের ফলাফল কি হতে পারে তা অবশ্যই ভেবে দেখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

জাতিসংঘ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান বিচারপতি বৃহস্পতিবার জানিয়েছেন, সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন তিনি প্রত্যাহার করবেন না। তবে জাতিসংঘ জানিয়ে দিয়েছে আইসিসিকে তাদের এই কাজের ফলাফল কি হতে পারে তা অবশ্যই ভেবে দেখতে হবে। আইসিসি গত সোমবার প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে। আদালতের প্রধান কৌসুলি লুই মরিনো-ওকাম্পো বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তবে এই আবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করেছে সুদান। অভিযোগপত্রে বলা হয়েছে, দারফুরের সহিংসতায় প্রায় ৩৫ হাজার লোককে হত্যা এবং ২৫ লাখ লোককে বাস্তুচ্যুত করার জন্য দায়ি প্রেসিডেন্ট বশির। এছাড়াও, ১ লাখ লোককে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্যও তাকে দায়ি করা হয়েছে। চীনা ও দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশ জানিয়েছে, প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পদক্ষেপে দারফুরের শান্তি প্রচেষ্টা হুমকির মুখে পড়বে। তবে আইসিসির প্রধান কৌসুলি মরিনো-ওকাম্পো সোমবার গ্রেপ্তারি পরোয়ানার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ্য বক্তব্যে বলেছেন, কোন দেশ কী মনে করলো সেটা তার কাছে কোনো বিষয় নয়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "আমি বিচারক, আদালতের বিচারিক কাজ করা আমার দায়িত্ব। দায়িত্বপালনের স্বাধীনতা আমার রয়েছে। আমি কোনো রাজনৈতিক বিতর্কের বিষয় হতে চাই না।" গণহত্যার অভিযোগে বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি না সে বিষয়ে আইসিসি বিচারকরা আগামী মধ্য অক্টোবর নাগাদ সিদ্ধান্ত নিতে পারেন। তবে বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানোর পরিবর্তে বিকল্প প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেন, "আদালতের দায়িত্ব ও শান্তি প্রচেষ্টার মধ্যে সঠিক সামঞ্জস্য রক্ষার পথ আমাদের খুঁজে বের করতে হবে।" পশ্চিমা কূটনীতিকরা অবশ্য গত বুধবার জানান, আইসিসি অভিযুক্ত দুই যুদ্ধাপোরাধীর বিচার করা হলে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা নাও হতে পারে। দারফুরে গণহত্যার জন্য আইসিসি গত বছর দুজনকে অভিযুক্ত করেছিল। তবে সুদান ওই অভিযুক্তদের আইসিসি'র হাতে তুলে দিতে অস্বীকার করে এবং দেশেও তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে কোনো পদক্ষেপ নেয়নি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানান, বাশারের বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনি অপরাধীদের বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নিচেছন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১০ ঘ.