২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার জন্মদিনে উদ্ভাসিত চারদিক

নেলসন ম্যান্ডেলার ৯০তম জন্মদিন শুক্রবার। দক্ষিণ আফ্রিকার কালো মানুষের নেতা থেকে বিশ্বনেতা হয়ে ওঠা ম্যান্ডেলার জন্মদিন বেশ ঘটা করেই উদযাপন করছে বিশ্ববাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেলসন ম্যান্ডেলার ৯০তম জন্মদিন শুক্রবার। দক্ষিণ আফ্রিকার কালো মানুষের নেতা থেকে বিশ্বনেতা হয়ে ওঠা ম্যান্ডেলার জন্মদিন বেশ ঘটা করেই উদযাপন করছে বিশ্ববাসী। শান্তিতে নোবেল বিজয়ী ম্যান্ডেলার নিজের বাসস্থানে জাঁকালো অনুষ্ঠানের পাশাপাশি দিনটি উপলক্ষে চিত্র প্রদর্শনী, বই ও স্মারক ডাকটিকিট প্রকাশ, মুদ্রা অবমুক্ত করা হচ্ছে। জন্মদিন উপলক্ষে ম্যান্ডেলাকে নিয়ে একটি গানও বেঁধেছে যুক্তরাজ্যের একটি ব্যান্ড। জন্মদিনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট ম্যান্ডেলার বিয়ে বার্ষিকীও ১৮ জুলাই। তৃতীয় স্ত্রী গ্রাসা ম্যাশেলের সঙ্গে বিয়ের ১০ বছর পূর্ণ হচ্ছে এদিন। ম্যান্ডেলার নিজের বাড়ি দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপের কুনুতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ গণ্যমান্য ব্যক্তিরা। দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট ফুমজিলে ম্লামবো-নগচুকাসহ আমন্ত্রিত প্রায় পাঁচশ ব্যক্তি অংশ নেবেন এতে। ফুমজিলে ম্লামবো-নগচুকা এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, "ম্যান্ডেলা তার নিজের জীবনের, দেশের, দেশের নেতা-নেত্রীদের এবং জনগণ ও বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তিনি তার সারাটি জীবন স্বাধীনতা ও দেশের জনগণের কল্যাণে উৎসর্গ করেছেন।" ম্যান্ডেলা ও গ্রাশা অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবারই কুনুতে পৌঁছেন। পুলিশ বাহিনীর বিমানে করে কুনুতে আসেন তারা। বিমানবন্দরে অনাড়ম্বর অনুষ্ঠানে অভ্যর্থনা জানানো হয় তাদের। বিমানবন্দর থেকে বিশেষ পাহারায় বাসায় যান তারা। ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে তার বর্ণাঢ্য জীবন নিয়ে প্রিটোরিয়ায় ১২৩ স্কোয়েম্যান স্ট্রিটে আয়োজন করা হয়েছে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নালেদি প্যানডর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ম্যান্ডেলার জীবন, কর্ম ও আদর্শের ওপর লেখা আটটি বইও এতে স্থান পেয়েছে। দেশের ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। তার প্রিয় খাদ্যের তালিকা নিয়ে প্রকাশ করা হয়েছে বই। শুক্রবার ছাড়া হচ্ছে পাঁচ র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) মূল্যমানের ধাতব মুদ্রা। জোহানেসবার্গের দরিদ্র এলাকার প্রায় দুই হাজার স্কুলছাত্র গত মঙ্গলবার একটি ক্রিকেট মাঠে রচনা করে কারাগার থেকে ম্যান্ডেলার মুক্তির দৃশ্য। হেলিকপ্টার থেকে তোলা হয় সেই ছবি এবং তা দিয়ে তৈরি করা হয়েছে জন্মদিনের ব্যতিক্রমী কার্ড। এর আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইড। সংস্থাটি বলছে, "এই ছবি বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে নেতাদের উৎসাহিত করবে।" যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ব্যান্ড দল ইন্টারন্যাশনাল ওয়ান ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে একটি গান প্রকাশ করছে। 'ইনইয়ানিসো' শিরোনামের এই গানটি শুক্রবার ইন্টারনেটে ছাড়া হয়। ১৯১৮ সালের ১৮ জুলাই কুনুতে জন্ম নেলসন রোলিহলাহলা ম্যন্ডেলার। নিজ দেশে তিনি মাদিবা নামেই পরিচিত। নয় বছর বয়সে বাবাকে হারান তিনি। '৪০ এর দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হন। ওই সময় অলিভার টাম্বো ও ওয়াল্টার সিসুলুকে সঙ্গে নিয়ে গঠন করেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ইয়ুথ লীগ। বর্ণবাদী রাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ম্যান্ডেলার সংগ্রামে অনুপ্রেরণা হিসাবে কাজ করেছেন উপমহাদেশের মহাত্মা গান্ধী। গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের শতবর্ষপূর্তিতে ২০০৭ সালে নতুন দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান ম্যান্ডেলা। ১৯৬১ সালে সশস্ত্র সংগ্রামে যোগ দিয়ে আত্মগোপনে যান নেলসন ম্যান্ডেলা। পরের বছরের ৫ আগস্ট গ্রেপ্তার হন তিনি। বর্ণবাদী সরকার ১৯৬৪ সালে এক প্রহসনের বিচারে সশস্ত্র অভ্যূত্থানের অভিযোগ এনে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ম্যান্ডেলাকে। নিষিদ্ধ করা হয় এএনসি। আন্দোলন ও বহির্বিশ্বের চাপের মুখে ১৯৯০ সালের ১১ ফেব্র"য়ারি ম্যান্ডেলাকে মুক্তি দেয় দক্ষিণ আফ্রিকা সরকার। দীর্ঘ ২৭ বছর জেল জীবন শেষে মুক্ত হন তিনি। একই সময়ে এএনসির ওপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। ১৯৯১ সালে এএনসির চেয়ারম্যান নির্বাচিত হন ম্যান্ডেলা। ১৯৯৪ সালের মে মাসে নির্বাচনে বিজয়ী হয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদে শপথ নেন তিনি; মুক্ত করেন বর্ণবাদী রাষ্ট্র দক্ষিণ আফ্রিকাকে ওই পরিচিতি থেকে। টানা পাঁচ বছর দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে থাবো এমবেকির হাতে দায়িত্ব দিয়ে প্রেসিডেন্ট হিসেবে নিজের কর্মজীবনের অবসান ঘটান ম্যান্ডেলা। ম্যান্ডেলা প্রথম বিয়ে করেন ১৯৪৪ সালে, জেহানেসবার্গের ইভলিন নটোকোকে। ১৯৫৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এর কিছু দিন পর বিয়ে করেন উইনি মাদিকিজেলাকে, যিনি উইনি ম্যান্ডেলা নামেই পরিচিত ছিলেন। উইনিও ছিলেন এএনসির নেত্রী। ১৯৯৬ সালের রাজনৈতিক বিতর্কের জের ধরে তাদের বিচ্ছেদ হয়। ১৯৯৮ সালে গ্রাসা ম্যাশালকে বিয়ে করেন ম্যান্ডেলা; গ্রাসা মোজাম্বিকের প্রয়াত প্রেসিডেন্ট সামোরা ম্যাশেলের স্ত্রী ছিলেন। রাজনীতি থেকে অবসর নিয়ে মানবাধিকার ও সামাজিক অধিকার নিয়ে আন্দোলনে নিজেকে যুক্ত রেখেছেন ম্যান্ডেলা। কর্মময় জীবনে শতাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ১৯৯৩ সালে তাকে শান্তিতে নোবেল পদক দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এমএইচবি/১৬০০ ঘ.