২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের বিদায় চায় ৮৩ ভাগ পাকিস্তানি

পাকিস্তানের ৮৩ ভাগ জনগণ চায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে ক্ষমতা থেকে বিদায় করা হোক এবং তার আমলে চাকরিচ্যুত বিচারকদের ফিরিয়ে আনা হোক। বৃহস্পতিবার প্রকাশিত একটি জরিপের ফলাফল থেকে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ইসলামাবাদ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের ৮৩ ভাগ জনগণ চায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে ক্ষমতা থেকে বিদায় করা হোক এবং তার আমলে চাকরিচ্যুত বিচারকদের ফিরিয়ে আনা হোক। বৃহস্পতিবার প্রকাশিত একটি জরিপের ফলাফল থেকে একথা জানা গেছে। পাকিস্তানে বহুল প্রত্যাশিত নির্বাচনের পর মুশররফবিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ক্ষমতা গ্রহণের পর সাড়ে তিন মাস পেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা। মুশাররফের বিদায় ও চাকরিচ্যুত বিচারকদের পুনর্বহালের দাবিতে অনমনীয় অবস্থানের কারণে নওয়াজ শরীফের জনপ্রিয়তা দিন দিন আরও বাড়ছে। অন্যদিকে, মুশাররফকে বিদায় ও বিচারকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায় ক্ষমতাসীন জোটের নেতৃত্বে থাকা পাকিস্তান পিপলস্ পার্টির জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ৫২ ভাগ জনগণ এখনও আশা করে বর্তমান সরকারের অধীনে পাকিস্তানে ইতিবাচক পরিবর্তন আসবে। মার্কিন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত আইআরআই তাদের জরিপ ফলাফলে জানিয়েছে, মুশাররফের জনপ্রিয়তা তলানিতে এসে পৌঁছেছে। মাত্র তিন ভাগ জনগণ মনে করে পাকিস্তানের সমস্যা মোকাবেলায় তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি। ফেব্র"য়ারির নির্বাচনে মিত্রদের পরাজয়ের পর থেকে মুশাররফ অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন। বর্তমান সরকারের আমলে পাকিস্তানের রাজনীতিতে তার প্রভাব একেবারেই সীমিত হয়ে পড়েছে। গত ১ থেকে ১৫ জুনের মধ্যে পরিচালিত আইআরআই'র ওই জরিপে মোট ৩,৪৮৪ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে ৮৪ ভাগ জানিয়েছে তারা নওয়াজ শরীফকে পছন্দ করে। ২০০৬ সালের জুনে এই হার ছিল মাত্র ৩৬। আগামী নির্বাচনে কাকে সমর্থন দিবেন, এই প্রশ্নের জবাবে ৩৬ ভাগ জানিয়েছে তারা নওয়াজ শরীফের পাকিস্তান মুললিম লীগকেই (এন) বেঁছে নেবে। তবে মুশাররফের বিষয়ে দ্বিধা সত্ত্বেও পিপিপি নেতা জারদারির জনপ্রিয়তা গত ফেব্র"য়ারির চেয়ে বেড়েছে। তাকে সমর্থন দিয়েছে ৪৫ ভাগ ভোটার। ফেব্র"য়ারিতে এই হার ছিল ৩৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৫ ঘ.