ওয়াশিংটন, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মঙ্গল গ্রহের মাটি থেকে সংগৃহীত বিভিন্ন খনিজ পরীক্ষা করে মনে হচ্ছে গ্রহটি এক সময় হ্রদ, নদী ও বিভিন্ন জলাশয়ে ভরা ছিল, যে পরিবেশে জীবনের অস্তিত্ব সম্ভব। মার্কিন গবেষকরা গত বুধবার একথা জানিয়েছেন।
নাসার প্রেরিত মহাকাশ যান ফিনিক্স গত মাসে মঙ্গল গ্রহে বরফের খোঁজ পায়। তবে তা ছিল শুষ্ক ও লাল ধুলা মাখানো। 'ন্যাচার' সাময়িকিতে মার্কিন গবেষকরা জানিয়েছেন, ওই সমস্ত বরফ মঙ্গল গ্রহের উষ্ণ ও আদ্র যুগের প্রমাণ।
রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির গবেষক জন মুস্টার্ড বলেন, "এটা সত্যিই চমৎকার, আমরা এমন কিছু জায়গা মঙ্গল গ্রহে খুঁজে পাচ্ছি যেখানে প্রাণের অস্তিত্বের সন্ধানে ভবিষ্যতে নভোযান পাঠানো হবে।"
তিনি বলেন, "মঙ্গলের লাল মাটিতে যে সব খনিজ পাওয়া যাচেছ তাতে সেখানে এক সময় আদ্র পরিবেশের খোঁজ মিলছে।"
জন মুস্টার্ডের নেতৃত্বে গবেষকরা নাসার নভোযানে কম্পাক্ট রিকননেইসেন্স ইমেজিং স্পেক্ট্রোমিটার ফর মার্স (সিআরআইএসএম) এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে মঙ্গল থেকে প্রতিফলিত সূর্যরশ্মির রঙ পরীক্ষা করে দেখছেন। এর মাধ্যমে সেখানে কী কী ধনিজ আছে তা নির্ধারণ করা সম্ভব।
পৃথিবীর নিকটতম গ্রহটিতে প্রাণের অস্তিত্ব সম্ভব কি না সেটা নিশ্চিত হতে এবং সেখানে পানি আছে কি না বিজ্ঞানীদের তা জানার আগ্রহ বহুদিনের। ফিনিক্স সেখানে বরফ খুঁেজ পাওয়ায় এ বিষয়ে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়।
গত মাসে মঙ্গলের মেরু অঞ্চলে নভোযান ফিনিক্সের রোবোটিক হাতের খোঁড়া একটি গর্তের পর পর কয়েকদিনে তোলা ধারাবাহিক ছবি থেকে প্রথমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন বিজ্ঞানীরা। প্রথম দিকের ছবিতে দেখা যায় গর্তের ভেতর লালচে মাটির ওপরে চাঁই আকৃতির বেশ বড় সাদা পদার্থ পড়ে আছে। কিন্তু পরের দিকে তোলা ছবিগুলোতে ধারাবাহিকভাবে সেসব সাদা পদার্থ মিলিয়ে যেতে দেখা যায়।
নভোযান ফিনিক্স এর মাধ্যমে নাসার এ মঙ্গল অভিযানের প্রধান অনুসন্ধান কর্মকর্তা অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পিটার স্মিথ গত মাসে বলেন, "অত্যন্ত আনন্দ আর গর্বের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আমরা যা খুঁজছিলাম মঙ্গল গ্রহে সেই পানি থেকে জমা হওয়া বরফের সন্ধান পেয়েছি আমরা। এটা অন্য কোনো পদার্থ নয়, পানি থেকে জমা হওয়া বরফ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৫ ঘ.
bdnews24