কুয়ালা লামপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম পুলিশের জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার আনোয়ারের আইনজীবী একথা জানিয়েছেন। তবে তিনি এখনও সমকামিতার অভিযোগ মুক্ত নন।
পুলিশ সদর দপ্তররের বাইরে আর সিভারাসা সাংবাদিকদের জানান, "সকাল পৌনে দশটার সময় আনোয়ার ভবন ত্যাগ করেছেন।" একইসঙ্গে তিনি বলেন, "তার স্ত্রীর সঙ্গে গাড়িতে করে তিনি পেছনের ফটক দিয়ে বের হয়ে গেছেন।"
জামিনের শর্ত অনুযায়ী, কর্তৃপক্ষ অন্য কোনও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আনোয়ার ইব্রাহিমকে ১৮ আগস্টের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট জমা দিতে হবে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আনোয়ার পুলিশের জামিনে মুক্তি পেয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, "তাকে আবার রিমান্ডে নেওয়ার চিন্তা ভাবনা নেই।" একইসঙ্গে তিনি বলেন, "আমরা বিবৃতি নিয়েছি এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে বুধবার পুলিশ আনোয়ার ইব্রাহিমকে সমকামিতার দায়ে গ্রেপ্তার করে।
এর আগের দিন মঙ্গলবার আনোয়ারের আইনজীবী সানকারা নায়ের আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা জানিয়ে বলেছিলেন, "আমরা জানি, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে।" যদিও তিনি বুধবার পুলিশের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন।
উল্লেখ্য, এক সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি জানিয়েছে, রাজনৈতিক বিদ্বেষের কারণে তার চরিত্রে কলঙ্ক লেপনের জন্য এই ধরনের হীন অভিযোগ আনা হয়েছে।
আনোয়ারের দুই আইজীবী উইলিয়াম লেয়ং এবং সানকারা নায়ের জানান, বুধবার আনোয়ার পুলিশকে সমকামিতা মামলায় জবানবন্দি দেওয়ার পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতলে নেওয়া হয়। তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
তবে 'দ্য স্টার' পত্রিকা মোবাইল ফোনে দেওয়া খবরে জানায়, আনোয়ারকে ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১১৪২ ঘ.
bdnews24