কায়রো, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের প্রেসিডেন্ট ওমর হাসার আল-বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গণহত্যার অভিযোগ গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেছে আরব লীগ। সংস্থাটি জানায় আইসিসি'র এই সিদ্ধান্ত ভালো কিছু বয়ে আনবে না, বরং উদ্বেগ সৃষ্টি করবে।
আরব লীগের মহাসচিব আমর মুসা সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি খুবই গুরুতর এবং বিপজ্জনক।" তিনি অঅরও বলেন, "একইসঙ্গে অপরাধ আদালতের পদক্ষেপ সুবিবেচনাপ্রসূত নয় এবং আমরা এতে সন্তুষ্ট নই।"
এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের প্রেসিডেন্টের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে। আদালতের প্রধান কৌসুলি লুই মরিনো-ওকাম্পো বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, দারফুরের গণহত্যায় প্রায় ৩৫ হাজার লোককে হত্যা এবং ২৫ লাখ লোককে বাস্তুচ্যুত করার জন্য দায়ী প্রেসিডেন্ট বশির।
আরব লীগের অন্তর্ভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আগামী শনিবার কায়রোয় এক জরুরি সভা ডেকেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৮ ঘ.
bdnews24