২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হংকং' সপ্তমবারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর

সপ্তমবারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে 'হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট'। শীর্ষ স্থানটি ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থানটিও দখল করে নিয়েছে অন্য দুটি এশীয় বিমানবন্দর। আর সেরা দশের মধ্যে পাঁচটিই এশিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 08:33 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ক্যানবেরা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সপ্তমবারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে 'হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট'। শীর্ষ স্থানটি ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থানটিও দখল করে নিয়েছে অন্য দুটি এশীয় বিমানবন্দর। আর সেরা দশের মধ্যে পাঁচটিই এশিয়ার। কেনাকাটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, কর্মীদের আচরণ ও সৌজন্যবোধ, ব্যাগপত্রের ডেলিভারি এবং অপেক্ষাকালীন নিরাপত্তাসহ এ ধরণের ৪০টি বিষয়ের ওপর যাত্রীদের বার্ষিক জরিপের ওপর ভিত্তি করে এ ফলাফল নির্ধারণ করা হয়েছে। ব্রিটেন ভিত্তিক প্রতিষ্ঠান 'স্কাইট্র্যাক্স' বার্ষিক এই জরিপটি পরিচালনা করে। ২০০৭ ও ২০০৮ সালের ১০ মাস ধরে যাত্রীদের কাছ থেকে ৮২ লাখ প্রশ্নপ্রত্রের মাধ্যমে মতামত সংগ্রহ করে ৪০টি ক্যাটাগরির বিবেচনায় বিশ্বের ১৯০টি বিমানবন্দরের মধ্যে জরিপটি চালানো হয়। এ জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের 'চাঙ্গি' বিমানবন্দর এবং তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার 'ইনচিওন' বিমানবন্দর। ২০০৬ সালে হংকং বিমানবন্দরকে হটিয়ে এক নম্বর অবস্থানে জায়গা করে নিয়েছিল সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। শীর্ষ দশ বিমানবন্দরের মধ্যে আরও রয়েছে মালয়েশিয়ার কুয়ালা লামপুর বিমানবন্দর এবং জাপানের কানসাই বিমানবন্দর। এছাড়া সেরা দশে রয়েছে জার্মানির মিউনিখ, ডেনমার্কের কোপেনহেগেন এবং সুইটজারল্যান্ডের জুরিখ এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিমানবন্দর। মিউনিখ ইউরোপের সেরা এবং বিশ্বের পঞ্চম শীর্ষ বিমানবন্দরের মর্যাদা পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪৩০ ঘ.