বেইজিং, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গণহত্যার অভিযোগ গঠন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে উদ্বেগ প্রকাশ করেছে চীন। মঙ্গলবার চীন এই উদ্বেগের কথা জানিয়েছে।
এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের প্রেসিডেন্টের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে। ওই আদালতের প্রধান কৌসুলি লুই মরিনো-ওকাম্পো বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে দারফুরের গণহত্যায় প্রায় ৩৫ হাজার লোককে হত্যা এবং ২৫ লাখ লোককে বাস্তুচ্যুত করার জন্য দায়ী প্রেসিডেন্ট বশির।
ওদিকে খার্তুমে হাজার হাজার সুদানি বশিরের সমর্থনে শোভাযাত্রা বের করে। নিরাপত্তার বিবেচনায় জাতিসংঘ কর্মীদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
আইসিসি'র এই আদেশকে "দায়িত্বজ্ঞানহীন, বেআইনি এবং অপেশাদারি" বলে মন্তব্য করেছেন সুদানের ভাইস প্রেসিডেন্ট আলি ওসমান মোহামেদ তাহা।
সুদানের তেল শিল্পের প্রধান বিনিয়োগকারি এবং অস্ত্র সরবরাহকারি চীনও আইসিসি'র ওই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ জিয়ানচাও বেইজেংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, "সুদানের নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত করায় গভীর উদ্বেগ প্রকাশ করছে চীন।"
সেইসঙ্গে লিউ আরও বলেন, "দারফুর পরিস্থিতি স্থিতিশীল করার সহায়ক পদক্ষেপ গ্রহণ করা উচিত আইসিসি'র যা এই ইস্যুটি নিস্পত্তিতে যুৎসই হবে উল্টোটা নয়।"
বেশ কয়েকটি পশ্চিমা দেশই আইসিসি'র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল বার্লিনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, "আমরা আন্তর্জাতিক আদালতকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের উচিত আদালতের কাজকে শক্তিশালী করতে সহায়তা করা সমালোচনা করা নয়।"
আইসিসি'র কৌসুলি লুই মরিনো-ওকাম্পো'র দেওয়া তথ্যপ্রমাণে দেখা গেছে, বশির জাতিগত কারণে ফার, মাসালিত ও জাওয়া গ্র"পকে নির্মূল করে দেওয়ার পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করেছেন। দারফুরে বেসামরিক লোকজনদের ওপর আরব জানজাবিদ জঙ্গিদের লেলিয়ে দিয়ে হামলা চালিয়েছেন - যা যুদ্ধপরাধের পর্যায়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩০০ ঘ.
bdnews24