২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্দিশিবিরের প্রথম ভিডিও প্রকাশ

গুয়ান্তানামো মার্কিন বন্দিশিবিরে এক বন্দির জিজ্ঞাসাবাদের দৃশ্য সম্বলিত একটি ভিডিও প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে। কানাডার গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 05:16 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)- গুয়ান্তানামো মার্কিন বন্দিশিবিরে এক বন্দির জিজ্ঞাসাবাদের দৃশ্য সম্বলিত একটি ভিডিও প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে। কানাডার গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। প্রকাশিত ওই ভিডিওতে ১৬ বছরের এক তরুণকে কানাডার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের দৃশ্য ধারণ করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। ওমর খদর নামে কানাডার ওই নাগরিকের বিরুদ্ধে ২০০২ সালে আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর গ্রেনেড হামলার অভিযোগ আনা হয়েছে। ওই হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছিল। গুয়ান্তানামো ঘাঁটিতে এখন পর্যন্ত একমাত্র পশ্চিমা বন্দি খদরকে আফগানিস্তান থেকে মার্কিন সেনারা যখন গ্রেপ্তার করে তখন তার বয়স ছিল ১৫ বছর। আল কায়েদা ঘাঁটিতে বন্দুকযুদ্ধের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে মার্কিন বাহিনী। খদরের আইনজীবীরা ভিডিওটি প্রকাশ্যে প্রদর্শন করেছেন। ১০ মিনিটের ওই ভিডিওতে খদরকে কাঁদতে দেখা যায়। এতে এক হাতে মুখ ঢেকে এবং অন্য হাতে নিজের চুল টানতে টানতে সে 'আমাকে বাঁচান' বলে বারবার চিৎকার করতে থাকে। এক পর্যায়ে সে শার্ট খুলে পিঠের ও পেটের ক্ষত কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা কর্মকর্তাদের দেখান। এ সময় এক কর্মকর্তা বলেন, "আমি ডাক্তার নই, তবে আমার মনে হচ্ছে তোমার ভাল চিকিৎসা দরকার।" এ সময় খদর বলেন, "না দরকার নেই। আমি আমার চোখ হারিয়েছি। আমার পা অকেজো হয়ে গেছে। সবকিছুই গেছে।" তার এই কথার জবাবে এক কর্মকর্তা বলেন, "না তোমার কিছু হয়নি। তোমার চোখ ও পা ভাল আছে।" খদরের আইনজীবী ডেনিস এডনি বলেন, "আমি আশা করছি এক কানাডিয়ান যুবকের ওপর এই অত্যাচার অবিচার দেখে মানুষ ক্ষুব্ধ হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২৩৪১ ঘ.