কাঠমাণ্ডু, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজতন্ত্র উচ্ছেদ করে প্রজাতন্ত্র ঘোষণার কয়েক সপ্তাহ পর নেপালের গণপরিষদ চলতি সপ্তাহে দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত করবে।
মাওবাদীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তির প্রধান শর্ত ছিল ২৩৯ বছরের রাজতন্ত্র উচ্ছেদ করে দেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা। ওই শান্তি চুক্তির মাধ্যমে নেপালে দশকব্যাপী গৃহযুদ্ধের অবসান ঘটেছে।
গণপরিষদের মুখপাত্র মুকুন্দ প্রসাদ শর্মা বলেন, "পার্লামেন্ট আগামী ১৯ জুলাই প্রেসিডেন্ট নির্বাচিত করবে।" এই গণপরিষদ নেপালের জন্য একটি নতুন সংবিধান রচনা করবে।
প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে নির্বাচনে বিজয়ী মাওবাদীদের সরকার গঠনের পথ পরিস্কার হবে। তিন মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে মাওবাদীরা বিজয়ী হয়।
তবে পার্লামেন্টের অধিকাংশ আসনে বিজয়ী হলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা মাওয়বাদীরা পায়নি। তারা জানিয়েছে, জোট সরকার গঠনের জন্য অন্য দলগুলোর সঙ্গে তাদের আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২০ ঘ.
bdnews24