২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জুলাই ইসরায়েল, পশ্চিম তীর সফরে যাচ্ছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা আগামী সপ্তাহে ইসরায়েল ও পশ্চিম তীর সফরে যাচ্ছেন। ইসরায়েল ও ফিলিস্তিনি কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

জেরুজালেম, ১৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা আগামী সপ্তাহে ইসরায়েল ও পশ্চিম তীর সফরে যাচ্ছেন। ইসরায়েল ও ফিলিস্তিনি কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, ওবামা ২২ ও ২৩ জুলাই ইসরায়েল সফর করবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট, পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি, প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক, প্রেসিডেন্ট শিমন পেরেজ এবং বিরোধীদলীয় নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন। ওদিকে, ফিলিস্তিনি শান্তি আলোচক সায়েব ইরাকাত বলেছেন, ওবামা পশ্চিম তীরের রামাল্লায় আগামী বুধবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও দেখা করবেন। ওবামা এ বছর মধ্যপ্রাচ্য সফর করতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। ওবামা ইরানি নেতাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করায় ইসরায়েলের প্রতি তার প্রতিশ্র"তি নিয়ে ইহুদি ভোটারদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। গত মাসে এক বক্তব্যে ওবামা 'আমেরিকান ইসরায়েল পাবলিক এফেয়ার্স কমিটি'তে বলেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। কিন্তু ওবামা "ইসরায়েলের অবিভক্ত রাজধানী জেরুজালেম হতে হবে' বলে মন্তব্য করায় ফিলিস্তিনিরা মনক্ষুন্ন হয়েছে। ওবামা অবশ্য রোববার সিএনএন এর ফরিদ জাকারিয়া--- জিপিএস প্রোগ্রামে তার ওই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, "তিনি আসলে ওই কথার মধ্য দিয়ে এটিই বোঝাতে চেয়েছেন যে, তারা জেরুজালেমকে ৬৭ সাল পূর্ববর্তী অবস্থার মতো কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখতে চান না। বরং একত্রিত এবং সহাবস্থান ভিত্তিক জেরুজালেম চান এবং তা করা সম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৩ঘ.