প্যারিস, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সোমবার বলেছেন, ইরানে সামরিক হামলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গোটা বিশ্বের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।
ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার মহড়া দিয়েছে--- এমন খবর প্রকাশের পর থেকে দু'দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
ইইউ-ভুমধ্যসাগরীয় সম্মেলনে যোগ দিতে প্যারিস সফরকালে 'ফ্রান্স ইন্টার রেডিও'তে এক সাক্ষাৎকারে আসাদ বলেন, "এ ধরনের হামলা হলে ইসরায়েলে এর প্রভাব পড়বে। এর মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্রম্মান্ডকেও।"
আসাদ বলেন, "ইসরায়েলকে এ ধরনের হামলার সরাসরি মূল্য দিতে হবে। ইরান এমন কথাই বলেছে।"
তিনি বলেন, "এটি শুধু ক্রিয়া-প্রতিক্রিয়ার ব্যাপার নয়। ব্যাপারটি হচ্ছে একজন যখন মধ্যপ্রাচ্যে এ ধরনের কাজ শুরু করে তখন আরেকজন প্রতিক্রিয়া সামাল দিতে পারে না। আর তখনই এ প্রক্রিয়ার বিস্তার ঘটে তা বছরের পর বছর এমনকী দশকের পর দশক ধরে চলতে থাকে।"
আসাদ বলেন, "যুক্তি দিয়ে বিচার করলে মারাত্মক পরিণতির বিবেচনায় ইরানে হামলা না হওয়াটাই সঠিক বলে প্রতীয়মান হবে। কিন্তু বর্তমান মার্কিন প্রশাসন এ ধরনের যুক্তির ধার ধারে না।"
তিনি আরও বলেন, "এই প্রশাসন যুদ্ধবাদী মতবাদের ধারক-বাহক। তারা আমাদের, ইউরোপীয় দেশগুলোর কিংবা বিশ্বের বেশিরভাগ দেশের যুক্তি দিয়ে কোনও কিছুর যৌক্তিকতা বিচার করে না।"
ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজির অনুরোধে সাড়া দিয়ে সিরিয়াও ইরানের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করবে বলে আসাদ উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা ইরানি বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসে এর গভীরে পৌঁছার চেষ্টা করব। আমাদেরকে এই প্রথম এ ব্যাপারে ভূমিকা রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমাদের অভিযোগ, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আওতায় পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু প্রযুক্তি ব্যবহার করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০২ ঘ.
bdnews24