বেইজিং, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের গুইঝো প্রদেশের ওয়েঙ্গান শহরে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে সন্দেহে গত মাসের প্রতিবাদ-বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একটি অপরাধী চক্রের ৩৯ জন সদস্য রয়েছে বলে দাবি করেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
ওয়েঙ্গান শহরের ১৬ বছরের কিশোরী লি শুফেনকে স্থানীয় এক সরকারি কর্মকর্তার ছেলে ধর্ষণ করে হত্যা করেছে বলে খবর ছড়িয়ে পড়লে গত ২৮ জুন শহরটির প্রায় ৩০ হাজার বাসিন্দা এর প্রতিবাদে রাজপথে নেমে আসে।
পুলিশ বিক্ষোভ থামাতে গেলে সহিংসতা শুরু হয় এবং বিক্ষুব্ধ লোকজন সরকারি অফিস আদালত গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে।
সরকারি মালিকানাধীন গুইঝো ডেইলি পত্রিকার ওয়েবসাইটে বলা হয়েছে, সহিংসতায় জড়িত ছিল এমন ৩৫৫ জনকে চিহ্নিত করা হয়েছে এবং এদের মধ্যে ১০০ জনকে আটকাদেশ দেওয়া হয়েছে।
ওই কিশোরীর মৃত্যুর ঘটনা সম্পর্কে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সে পানিতে ডুবে মারা গেছে।
পরপর তিনবার ময়নাতদন্তের পর ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন, ১৬ বছর বয়সী কিশোরী লি শুফেনকে ধর্ষণ কিংবা হত্যা করা হয়নি। সে পানিতে ডুবে মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩০ ঘ.
bdnews24