লন্ডন, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - অস্ট্রেলীয় বিজ্ঞানীরা ম্যালেরিয়া চিকিৎসায় যুগান্তকারী সাফল্যের দাবি করেছেন। রোগটি যে প্রক্রিয়ায় রক্তের লোহিত কণিকা দখল করে নেয় সেই প্রক্রিয়াটি বিশ্লেষণ করে এর সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি বের করেছেন তারা। অস্ট্রেলিয়ার 'ওয়াল্টার এন্ড এলিজা হল ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ' এর বিজ্ঞানীরা এ গবেষণা করেছেন। (আরও তথ্যসহ)
বিজ্ঞানীরা মানবদেহে এমন একটি আঠালো উপাদান চিহ্নিত করেছেন যার কারণে দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ম্যালেরিয়া রোধ করতে পারে না। তারা বলছেন, এমন একটি যৌগ উপাদান সরিয়ে দিতে পারলেই ম্যালেরিয়া থামিয়ে দেওয়া সম্ভব।
মেলবোর্নের গবেষকরা বলছেন, তাদের এ চিকিৎসা পদ্ধতি ম্যালেরিয়া প্রতিরোধের লড়াইয়ে যুগান্তকারী সাফল্য এনে দিতে পারে।
তারা এমন আটটি প্রোটিন চিহ্নিত করেছেন যা ওই আঠার মতো উপাদানটিকে ম্যালেরিয়া জীবাণুর দখল করে নেওয়া রোহিত রক্তকণিকার চারপাশকে ঘিরে ফেলতে সহায়তা করে।
অস্ট্রেলিয়ার ওয়াল্টর এন্ড এলিজা হল ইনস্টিটিউট অপ মেডিকেল রিসার্চ এর গবেষক দলের সদস্য অধ্যাপক অ্যালান কাউম্যান জানান, এসব প্রোটিনকে নিয়ন্ত্রণ করতে পারলে ম্যালেরিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
ম্যালেরিয়া প্রতিরোধ করা সম্ভব এবং এর চিকিৎসাও রয়েছে। কিন্তু সময়মতো সঠিক চিকিৎসা না হলে ম্যালেরিয়া মারাত্মক পরিণতি নিয়ে আসতে পারে।
প্রতিবছর ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ মারা যায়। সাব-সাহারান আফ্রিকার শিশু ও তরুণরা এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪৪ ঘ.
bdnews24