২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনের অঙ্গীকার থাই প্রধানমন্ত্রীর, আরও বিক্ষোভের আশঙ্কা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দারাভেজ রোববার ঘোষণা দিয়েছেন, তিনি সংবিধান সংশোধন করবেনই। তার এই ঘোষণায় রাজপথে সরকার-বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ আরও জোরদার হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ব্যাংকক, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দারাভেজ রোববার ঘোষণা দিয়েছেন, তিনি সংবিধান সংশোধন করবেনই। তার এই ঘোষণায় রাজপথে সরকার-বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ আরও জোরদার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আদালতের রায়ে দুই মন্ত্রীকে হারানোর পর এবং অনেকগুলো মামলায় হুমকির মুখে থাকা প্রধানমন্ত্রী সামাক জানিয়েছেন, তিনি মন্ত্রিসভা রদবদল করবেন এবং অর্থনীতিকে জোরদার করতে মঙ্গলবার নতুন প্যাকেজ ঘোষণা করবেন। বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সামাক সংবিধানিক বাধ্যবাধকতাকে দায়ী করেছেন। সংবিধানে দেওয়া ক্ষমতাবলে বিচারকরা রাজনৈতিক অঙ্গনে হস্তক্ষেপের ক্ষেত্রে অধিকতর ক্ষমতা ভোগ করছেন। ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরানোর পরিকল্পনাকারীরাই সংবিধানের এই পরিবর্তন ঘটিয়েছিলেন। সাপ্তাাহিক একটি টেলিভিশন অনুষ্ঠানে সামাক বলেন, "বুদ্ধ বলেছেন, ভোগান্তিতে ফেলতে পারে এমন কারণকে অবশ্যই বিনাশ করতে হবে। তার বাণীমতো, বর্তমান সংকটের জন্য দায়ী সংবিধান আমরা সংশোধন করব।" তবে সংবিধান সংশোধনের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হলে রাজপথের চলমান বিক্ষোভ আরও জোরদার করতে পারে বিরোধীরা। বিরোধীরা অভিযোগ করছেন, বর্তমান প্রশাসন সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে দুর্নীতির অভিযোগ থেকে রক্ষার পাঁয়তার করছে। বিরোধী পিপলস্ অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসির (পিএডি) সরকারবিরোধী বিক্ষোভের কথা উল্লেখ করে রামকহামহেঙ ইউনিভার্সিটির বিশ্লেষক বনাইয়াকিয়াত কারভেকফান বলেন, "সংবিধান পরিবর্তনের পদক্ষেপ আরও বেশি মানুষকে রাজপথের বিক্ষোভে অংশ নিতে আগ্রহী করে তুলবে।" সামাকের নতুন এই ঘোষণায় দেশটির শেয়ারবাজারে আরও পতন ঘটতে পারে। পিএডি সরকারবিরোধী বিক্ষোভ শুরু করার পর থেকে গত সাত সপ্তাহে শেয়ার কেনাবেচা ইতিমধ্যে ১৬ শতাংশ কমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.