২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়ার বিরোধী ওবামা

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা বলেছেন, রাশিয়াকে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৮ থেকে বাদ দেওয়ার বিরোধী তিনি। বিশ্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধে মস্কোর সহায়তা প্রয়োজন মন্তব্য করে শনিবার তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ওয়াশিংটন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা বলেছেন, রাশিয়াকে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৮ থেকে বাদ দেওয়ার বিরোধী তিনি। বিশ্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধে মস্কোর সহায়তা প্রয়োজন মন্তব্য করে শনিবার তিনি একথা বলেন। জনগণের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়ার শাস্তি হিসেবে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দিতে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ওবামা একথা বলেন। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, "এটা ভুল হবে"। ইলিনয়ের এ সিনেটর বলেন, "দেখুন আমরা যদি পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করার কাজ করতে চাই তাহলেও আমাদের রাশিয়ার অংশগ্রহণ প্রয়োজন। আমি মনে করি এরকম আরও অনেক বিষয়ের মতোই পরমাণু অস্ত্রের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।" রাশিয়াকে জি-৮ থেকে বাদ দিলে পরমাণু অস্ত্র বিস্তার রোধের চেষ্টা দুর্বল হয়ে পড়বে উল্লেখ করে ওবামা বলেন, "সাবেক সোভিয়েত ইউনিয়নকে ঘিরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ আলগা পরমাণু সরঞ্জামাদি, রাশিয়ার সহযোগিতায় পরমাণু প্রযুক্তি গড়ে তোলা দেশগুলোতে বিদ্যমান পরমাণু বিষয়ক কারিগরি জ্ঞানের বিষয়টিও আমাদের বিবেচনা করে দেখতে হবে।" এর আগে এক বিবৃতিতে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন বলেছিলেন, রাশিয়া আবারও জনগণের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়ায় দেশটিকে জি-৮ থেকে বাদ দেওয়ার পক্ষে জোর দেবেন তিনি। রাশিয়া ও যুক্তরাষ্ট্র ছাড়া জি-৮ এর অন্য ছয়টি সদস্য দেশ হল - ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, কানাডা ও জাপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৩১ ঘ.