২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে ৪৩-জাতি সম্মেলন, সিরিয়া-লেবানন সংহতির অঙ্গীকার

একটি ভূমধ্যসাগরীয় ইউনিয়ন গঠন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা, অভিবাসন ও পরিবেশ দূষণ রোধের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়ন এবং ভূমধ্যসাগর ঘিরে থাকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রনেতারা রোববার প্যারিসে সমবেত হয়েছেন। ওদিকে, সম্মেলনের প্রাক্কালে শনিবারেই বিরোধপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে সিরিয়া ও লেবানন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 06:00 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

প্যারিস, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - একটি ভূমধ্যসাগরীয় ইউনিয়ন গঠন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা, অভিবাসন ও পরিবেশ দূষণ রোধের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়ন এবং ভূমধ্যসাগর ঘিরে থাকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রনেতারা রোববার প্যারিসে সমবেত হয়েছেন। ওদিকে, সম্মেলনের প্রাক্কালে শনিবারেই বিরোধপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে সিরিয়া ও লেবানন। লেবাননের প্রধানমন্ত্রী রফিক আল হারিরি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দামেস্কর সঙ্গে বৈরুতের বরফজমা সম্পর্ক দুদেশে প্রথমবারের মতো দূতাবাস খোলার মাধ্যমে স্বাভাবিক করার পরিকল্পনা নিশ্চিত করে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। লেবাননের সঙ্গে সিরিয়ার বিরোধ অবসানের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সিরিয়াকে সরাসরি আলোচনায় বসিয়ে বিরোধ নিস্পত্তিরও চেষ্টা চলবে প্যারিস সম্মেলনে। এ প্রচেষ্টায় আসাদ ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির আমন্ত্রণে প্যারিস সম্মেলনে যোগ দিচ্ছেন ৪৩টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান। নতুন এ ইউনিয়ন ওই অঞ্চলে নতুন আশার সঞ্চার করবে বলে আশাবাদী ফ্রান্স এ সম্মেলনের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে সিরিয়া, লেবানন ও ইসরায়েলের মধ্যকার বিরোধ অবসানে নতুন প্রচেষ্টা শুরু হওয়ার বিষয়টি। এখানেই প্রথমবারের মতো একই ছাদের তলায় জড়ো হচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি শনিবার ঘোষণা দিয়েছেন যে, সিরিয়া এবং লেবানন পরষ্পরের রাজধানীতে দূতাবাস খুলতে রাজি হয়েছেন। ওদিকে, এ সম্মেলনের মধ্য দিয়েই দীর্ঘদিনের একাকীত্ব ভেঙে পশ্চিমাদের সঙ্গে বসার সুযোগ পাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ। লেবাননী প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি হত্যাকাণ্ডের পর পশ্চিমাদের তোপের মুখে অনেকটাই একঘরে হয়ে পড়েছিলেন আসাদ। নতুন এ ইউনিয়ন ইইউ এবং বেসরকারি খাতের সহায়তায় ভূমধ্যসাগরীয় অঞ্চলের দূষণ রোধ, উত্তর আফ্রিকার রৌদ্রজ্জ্বোল বিস্তীর্ণ ভূখণ্ডকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং সেখানকার সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবে বলে জানা গেছে। ফ্রান্স এবং মিশর দুই বছরের জন্য যুগ্মভাবে এ ভূমধ্যসাগরীয় ইউনিয়নের সভাপতিত্ব করবে। তবে এর সচিবালয়ের গঠন এবং স্থানসহ অন্যান্য বিষয়গুলো এখনও সুরাহা হয়নি। সম্মেলনের ঘোষণাপত্রে এসব চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। ওদিকে, ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে একমাত্র লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফি এ সম্মেলনে যোগ দেননি। তার অভিযোগ এটা ইউরোপীয় উপনিবেশবাদের নয়া কৌশল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১২৩৫ ঘ.