আমাস্টারডাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাদ্যের দাম ২০১২ সাল পর্যন্ত চড়াই থাকবে বলে আশঙ্কা করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। শনিবার তিনি বলেছেন, এ সময়ের আগে খাদ্যের দাম ২০০৪ সালের চেয়ে কমবে বলে তিনি মনে করেন না। এছাড়া জ্বালানির মূল্যও এই সময়ে চড়া থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিশ্বব্যাংক প্রধান জোয়েলিক জানান, খাদ্য ও জ্বালানি মূল্যবৃদ্ধির এই চরম অবস্থা মোকাবেলা করতে এবং এ সময়ে বিশ্বের দরিদ্র মানুষকে খাদ্য ও নগদ সহায়তা দিতে কমপক্ষে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
খাদ্য ও জ্বালানি মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে চরম বিরুপ প্রভাব ফেলেছে। বেড়েছে মূল্যস্ফীতি। এই অবস্থা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে নীতিনির্ধারকদের।
বিশ্বের শীর্ষ আটটি ধনী ও শিল্পোন্নত দেশের সংস্থা জি-৮ এর সম্মেলনে গত সপ্তাহে নেতারা খাদ্য ও জ্বালানি মূল্যবৃদ্ধির এই সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।
জোয়েলিক বলেন, "আমি মনে করি খাদ্য সংকট নিয়ে জি-৮ নেতারা যে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সবকিছু নির্ভর করছে পদক্ষেপ বাস্তবায়নের ওপর ।"
তিনি আরও বলেন, "জি-৮ সম্মেলন চলাকালে আমি জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি যে, খাদ্য ও জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে আমরা হুমকির মধ্যে আছি এবং এজন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের ওপরও জোর দিয়েছি।"
তিনি জানান, প্রয়েজনীয় ১০ বিলিয়ন ডলার সংগ্রহে কয়েকটি দেশ বেশ ভূমিকা রেখেছে এবং আগামী বছরগুলোতে ধারাবাহিকভাবে অর্থ প্রয়োজন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪০ ঘ.
bdnews24