২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়িপাতা বিলে বুশের স্বাক্ষর, মানবাধিকার সংস্থাগুলোর মামলা

আড়িপাতার একটি গোয়েন্দা বিলে বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে এই আইন মার্কিন নাগরিকদের গোপনীয়তা রক্ষার সাংবিধানিক অধিকারের পরিপন্থি অভিযোগে মামলা করেছে মানবাধিকার সংস্থাগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ওয়াশিংটন, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আড়িপাতার একটি গোয়েন্দা বিলে বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে এই আইন মার্কিন নাগরিকদের গোপনীয়তা রক্ষার সাংবিধানিক অধিকারের পরিপন্থি অভিযোগে মামলা করেছে মানবাধিকার সংস্থাগুলো। বিলে স্বাক্ষরের পর প্রেসিডেন্ট বুশ বলেন, "এই আইন আমাদের নাগরিকদের অধিকার রক্ষা করবে এবং একইসঙ্গে গোয়েন্দাদের কাজে সহযোগিতা করবে।" তবে বিলে প্রেসিডেন্ট বুশের স্বাক্ষরের পরপরই ম্যানহাটন কেন্দ্রীয় আদালতে মামলা করেছে 'আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন' (এসিএলইউ)। অভিযোগে সংস্থাটি জানিয়েছে, এই আইন জনগণের বাক-স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষায় সাংবিধানিক অধিকারের পরিপন্থি। এসিএলইউ'র নির্বাহী পরিচালক অ্যান্থনি রোমিরো বলেন, "মামলা অথবা বিচার বিভাগের অনুমতি ছাড়া নাগরিকদের ওপর এই ধরনের গোয়েন্দাগিরির অধিকার সরকারের ক্ষমতার অপপ্রয়োগ এবং এই আইনের আওতায় সেটাই হবে।" মানবাধিকার সংস্থা, সাংবাদিক, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংস্থার পক্ষে এই মামলা করেছে এসিএলইউ। এ ধরনের সংস্থাগুলো বলছে, এই আইনের আওতায় মার্কিন সরকার তাদের ওপর গোয়েন্দাগিরি করবে বলেই তাদের আশঙ্কা। কংগ্রেসের চূড়ান্ত অনুমতি পাওয়ার পরদিনই বুশ তড়িঘড়ি এই বিলে স্বাক্ষর করলেন। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা প্রথম দিকে এই বিলের বিরোধিতা করলেও পরে সমর্থন দিয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী বিলটিতে সমর্থন দিয়ে আসলেও কংগ্রেসে ভোটের দিন অনুপস্থিত ছিলেন। এই আইনের আওতায় গোয়েন্দা সংস্থগুলো আদালতের অনুমতি ছাড়াই টেলিফোন বা ই-মেইলে আড়িপাতার কাজ করতে পারবে। মার্কিন প্রসাশন বলছে, নতুন এই আইনের ফলে সন্ত্রাসীদের দ্রুত সনাক্ত করা সহজ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইবি/এলকিউ/১৮৩০ ঘ.