ব্যাংকক, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)- কম্বোডিয়ার সঙ্গে বিরোধপূর্ণ একটি মন্দির নিয়ে চুক্তি করে সংবিধান লঙ্ঘন করেছেন বলে আদালতের রায়ের পর বৃহস্পতিবার পদত্যাগ করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নপ্পাদন পাত্তামা।
জাতীয় টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দিয়ে নপ্পাদন পাত্তামা বলেন, "আমি জোর দিয়ে বলছি, আমি কোনো ভুল করিনি। আমি আমার দেশকে ভালবাসি এবং দেশের কোনো ক্ষতির কারণ হতে পারি না।"
থাই-কম্বোডিয়া সীমান্তের বিরোধপূর্ণ ভূমিতে অবস্থিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া ওই মন্দিরটি নিজেদের দাবি করে আবেদন জানিয়েছে কম্বোডিয়া।
তবে থাই আদালত জানিয়েছে, পার্লামেন্টের অনুমতি ছাড়া সরকার ওই মন্দির নিয়ে কম্বোডিয়ার দাবি মেনে নিতে পারে না। কেননা মন্দিরটি দুই দেশের বিরোধপূর্ণ একটি স্থানে নির্মিত হয়েছে। সরকারের ওই চুক্তিকে অনেক থাই নাগরিক তাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে আত্মসমর্পণ বলে মনে করছে।
নপ্পাদন বলেন, "এক্ষেত্রে আমি জাতীয় মতৈক্য চাই। সমস্যা সমাধানে সরকারকে কাজ করতে দেওয়ার জন্য আমি পদত্যাগ করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/২০৪৫ ঘ.
bdnews24