২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সরকারের ভাগ্য ছোট দল ও স্বতন্ত্রদের হাতে

বাম মিত্ররা সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর ভারতের জোট সরকারের ভাগ্য এখন ছোট ছোট দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

নয়া দিল্লি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাম মিত্ররা সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর ভারতের জোট সরকারের ভাগ্য এখন ছোট ছোট দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সরকারের প্রতি নাখোশ বাম দলগুলো সমর্থন তুলে নেওয়ার পর ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার এখন আস্থাভোটের মুখে। চলতি মাসেই পার্লামেন্টে আস্থাভোট হতে পারে। আগাম নির্বাচন এড়াতে হলে সরকারকে এই আস্থাভোটে জিততে হবে। বাম মিত্রদের স্থান পূরণ করতে সরকার ইতিমধ্যে আঞ্চলিক দল সমাজবাদী পার্টির (এসপি) সমর্থন জোগাড় করে ফেলেছে। পার্লামেন্টে এসপি'র আসন রয়েছে ৩৯টি। ৫৪৩ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ২৭২ আসন বজায় রাখার জন্য এসপি'র ৩৯টি সহ মোট ৪৬টি আসন প্রয়োজন সরকারের। পার্লামেন্টে কংগ্রেসের আসন সংখ্যা ২২৬। বাম দলগুলোর আসন ছিল ৫৯টি। কংগ্রেসের ঊর্ধ্বতন নেতা ভিরাপ্পা ময়লি বলেন, "যথেষ্ট আসন আমাদের আছে এবং মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে খুব সহজেই আস্থাভোট উতরে যেতে পারব বলে আমাদের বিশ্বাস আছে।" এক্ষেত্রে পার্লামেন্টে একটি করে আসনের অধিকারী কেরালা কংগ্রেস, মিজো ন্যাশনাল ফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসসহ স্বতন্ত্র চার সাংসদকে দলে টানার চেষ্টা করবে কংগ্রেস। এর মধ্যে মিজোরামের সাংসদ ভনলালজাওনা ও তৃণমূল নেত্রী মততা ব্যানার্জি কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত দেননি। এছাড়া, প্রত্যন্ত হিমালয় অঞ্চল লাদাখ ও মনিপুরের সদস্যদের দিকে নজর রয়েছে কংগ্রেসের। রাজনৈতিক বিশ্লেষক অমুলয় গাঙ্গুলি বলেন, "এই সমস্ত ছোট ছোট দল ও স্বতন্ত্র সদস্যদের সমর্থন আদায় জোগাড় করা খুবই কঠিন হবে। কেননা তাদের সবার নিজস্ব আদর্শ ও বিশ্বাস রয়েছে।" গত বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় ভারতের বামপন্থী দলগুলো। রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে দেখা করে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট) বা (সিপিআই-এম) এর নেতৃত্বাধীন চারটি বামপন্থী দলের নেতারা তাদের সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে তারা পার্লামেন্টে অনাস্থা ভোট ডাকার আহ্বান জানান। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এক সংবাদ সম্মেলনে সিপিআই-এম এর নেতা প্রকাশ কারাট বলেন, "আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি এবং আমাদের চারটি দলই ইউপিএ জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার চিঠি দিয়েছে।" আস্থাভোটের বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকের কথা রয়েছে। তবে কবে এ আস্থা ভোট অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। বিষয়টি নির্ভর করছে রাষ্ট্রপতির ওপর। অবশ্য সূত্র উল্লেখ না করে কয়েকটি শীর্ষস্থানীয় দৈনিক জানিয়েছে এ মাসের ২১-২২ তারিখে ওই ভোট গ্রহণ করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪৫ ঘ.