ওয়াশিংটন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কে ইস্তাম্বুলের মার্কিন কনস্যুলেটে বুধবারের হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কনস্যুলেট ঘিরে পাহারায় আছে পুলিশ। হামলার ঘটনায় সন্দেহভাজন ৪ জন গ্রেপ্তার হয়েছে।
বাসভর্তি পুলিশ মোতায়েন রয়েছে কনস্যুলেটের বাইরে। সিএনএন একথা জানিয়েছে। কনস্যুলেট ছাড়া অন্যান্য মার্কিন কূটনৈতিক স্থাপনাতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তুরস্কের টেলিভিশন স্বরাষ্ট্রমন্ত্রী বশির আতালের উদ্ধৃতি দিয়ে ৪ জন আটক হওয়ার খবর দিয়েছে। এদের তিনজনই ইস্তাম্বুলে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলার ঘটনায় আল-কায়েদার হাত আছে কিন্তু তা তদন্ত করে দেখছে তুর্কি পুলিশ।
হামলায় আল-কায়েদার হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল-কায়েদার হামলার বিষয়টি নিশ্চিত করে বলতে না পারলেও তাদের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেননি। যুক্তরাষ্ট্র বুধবার এই সন্ত্রাসী হামলার নিন্দা জানায়।
ইস্তাম্বুলের মার্কিন কনস্যুলেটের সামনে বুধবার গোলাগুলিতে তিন পুলিশ কর্মকর্তা এবং তিন বন্দুকধারী নিহত হয়।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্যন ম্যাকরম্যাক বুধবার বলেন, "সকালে ইস্তাম্বুলের কনস্যুলেটে সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।"
তুরস্ক জানিয়েছে, হামলার পেছনে আল-কায়েদা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এ সম্পর্কে ম্যাকরম্যাক বলেন, "এই দৃষ্টিকোণ থেকে কেউ এই সম্ভাবনা নাকচ করতে পারবে না। কিন্তু একইসঙ্গে আমি ওই সন্দেহকে ঠিক বলে ধরেও নিতে পারি না। হামলার জন্য কারা দায়ী তুর্কি সরকারের সঙ্গে আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।"
তিনি আরও জানান, হামলাটি কনস্যুলেট থেকে প্রায় ৭৫ ফুট দূরে একটি পুলিশ বুথে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চার ব্যক্তি একটি গাড়ি নিয়ে সেখানে আসে এবং তাদের তিনজন গাড়ি থেকে নেমে পুলিশের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়তে শুরু করলে হামলাকারীদের একজন একটি যানবাহনে করে পালিয়ে যায়। তিনি আরও জানান, নিহত তিন পুলিশের মধ্যে একজন মিশনে দায়িত্বরত ছিলেন বাকী দুজন ছিলেন রাস্তার টহল পুলিশ।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন কূটনীতিকদের রক্ষা করার জন্য তুর্কি পুলিশদের প্রশংসা করেছে এবং নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২১৯ ঘ.
bdnews24