লন্ডন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'শ্রেষ্ঠতম বুকার' (বেস্ট অব বুকার) পুরস্কার পেয়েছেন সালমান রুশদি। বিশ্ব সাহিত্যের অন্যতম সম্মানজনক বুকার পুরস্কারের ৪০ বছরপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়েছে।
রুশদির 'মিডনাইট'স চিলড্রেন' ১৯৮১ সালে বুকার পুরস্কার লাভ করে। এ যাবৎকালের বুকার বিজয়ীদের মধ্য থেকে ছয় জনকে প্রাথমিকভাবে মনোনীত করে সেখান থেকে অনলাইন ভোটের মাধ্যমে রুশদিকে এই বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এর আগে ১৯৯৩ সালে বুকারের ২৫তম বর্ষপূর্তির বিশেষ পুরস্কারও পেয়েছিলেন ভারতীয় বংশদ্ভুত লেখক সামলান রুশদি।
১৯৮৮ সালে প্রকাশিত রুশদির 'স্যাটানিক ভার্সেস' বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেয়। এই বইতে রুশদি পবিত্র কোরআনের অপব্যাখ্যা দিয়েছেন অভিযোগ করে কট্টরপন্থি মুসলমানরা তার মৃত্যুদণ্ড দাবি করে এবং হত্যার হুমকি দেয়।
পুরস্কার পাওয়ার খবরে যুক্তরাষ্ট্র সফররত রুশদি বেশ খুশি। এক বিবৃতিতে তিনি বলেন, "এটা চমৎকার খবর। আমি সত্যিই আনন্দিত। যে সমস্ত পাঠকরা 'মিডনাইট'স চিলড্রেন'র পক্ষে ভোট দিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।"
বুকার বিজয়ীদের মধ্য থেকে সংক্ষিপ্ত ছয় জনের তালিকা প্রস্তুতকারী প্যানেলের সভাপতি ভিক্টোরিয়া গ্লেন্ডিনিং বলেন, "পাঠকরা হাজারে হাজারে রুশদির পক্ষে ভোট দিয়েছেন এবং আমিও মনে তার তারা সঠিক জনকেই বেছে নিয়েছেন।"
তবে এই পুরস্কারের সমালোচনাও করেছেন অনেকে। বিশেষ করে ছয় জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ করে দেওয়ার জন্য।
ফয়েলস বুকশপের প্রমোশন ম্যানেজার জোনাথন রুপিন বলেন, "এটি কৃত্রিম পন্থা। এখানে পাঠকদের সাবেক বিজয়ীদের সবাইকে নয়, মাত্র ছয় জনের মধ্য থেকে একজনকে বেছে নিতে হয়েছে।"
বুকার পুরস্কার প্রাপ্ত অরুন্ধুতি রায়ের 'দ্য গড অব স্মল থিংস' এবং কাজৌ ইশিগুরোর 'দ্য রিমেইনস অব দ্য ডে' মতো বইয়ের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, "পাঠক তাদের নিজেদের সবচেয়ে পছন্দের বইটিকে ভোট দিতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩৩ ঘ.
bdnews24