তোয়াকো, জাপান বুধবার, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চীনের রাজধানী বেইজিংয়ে আগামী মাসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ইউরোপীয় ইউনিয়ন এবং নিজ দেশ ফ্রান্সের প্রতিনিধি হিসাবে তিনি ওই অনুষ্ঠানে যাবেন। সারকোজির কার্যালয় বুধবার একথা জানিয়েছে।
চীনের নাগরিক অধিকার লঙ্ঘনের বাজে রেকর্ডের কারণে বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বর্জনের জন্য বিশ্বনেতাদের প্রতি মানবাধিকার কর্মীদের আহ্বান সত্ত্বেও তারা একে একে সবাই ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রথমে ওই অনুষ্ঠানে যাবেন না বলে জানালেও পরে তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করে জানিয়েছেন। এরপর ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানান জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা। এবার একই সিদ্ধান্ত জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।
বুধবার জাপানে জি-৮ সম্মেলনের ফাঁকে সারকোজি চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে দেখা করে তার ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সারকোজির এক বিবৃতিতে বলা হয়েছে, "সারকোজি বেইজিংয়ে ৮ আগস্টে অনুষ্ঠেয় ২৯তম অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।"
ফ্রান্স বর্তমানে ইইউ এর প্রেসিডেন্সিতে থাকায় সারকোজি তার নিজ দেশের পাশাপাশি ইইউ'র প্রতিনিধি হিসাবেও সেখানে যাবেন।
চীনে তিব্বতি ভিক্ষুবিক্ষোভের সময় ফ্রান্স-চীন সম্পর্ক টানটান হয়ে পড়লেও মে মাসে সিচুয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর দু'দেশের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন ফ্রান্সের এক কর্মকর্তা।
কিন্তু চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সারকোজি সেখানে এলে শীতল অভ্যর্থনা পেতে পারেন। কারণ চীন চায় না তিনি অলিম্পিকের উদ্বোধনীতে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪০ঘ.
bdnews24