২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন-চেক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জবাব দেব: রাশিয়া

ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সইয়ের প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলেছে, তারা সামরিক পন্থায় এর জবাব দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 04:34 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

প্রাগ, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সইয়ের প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলেছে, তারা সামরিক পন্থায় এর জবাব দেবে। যুক্তরাষ্ট্রের ভাষায় ইরানের মতো 'দুর্বৃত্ত' রাষ্ট্রগুলো থেকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় নিজেদের রক্ষা করার জন্য ইউরোপের চেক প্রজাতন্ত্রে রাডার স্টেশন এবং পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনের এই পরিকল্পনা করা হচ্ছে। পোল্যান্ড মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিনিময়ে তাদের সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দাবি করায় যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে চুক্তি করেনি। কিন্তু অপর দেশ চেক প্রজাতন্ত্রের সঙ্গে মঙ্গলবার চুক্তি করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চুক্তি সই করেছেন চেক পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার প্রবল আপত্তির মুখেও যুক্তরাষ্ট্র এই চুক্তি সই করেছে। ফলে রাশিয়া সঙ্গে সঙ্গেই এর জবাব দিয়েছে। এক বিবৃতিতে স্নায়ুযুদ্ধ যুগের ভাষায় রাশিয়া এর বিরুদ্ধে হূঁশিয়ারি দিয়ে বলেছে, রুশ সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়লে আমরা কূটনৈতিক পন্থায় নয় বরং সামরিক কৌশলে এর জবাব দিতে বাধ্য হব।" ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট মিড ডটরু ওয়েবসাইটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এই হূঁশিয়ারি দিয়েছে। এতে বিস্তারিত আর কিছু বলা হয়নি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রতি ইউরোপীয়দের মধ্যে বিরোধিতার মনোভাব জাগানোই এই হুমকির উদ্দেশ্য। রাশিয়ার এই হুমকির প্রতিক্রিয়ায় ওয়াশিংটন বলেছে, আগ্রাসী কথাবার্তা বলে মস্কো ইউরোপীয় মিত্রদের বিচলিত করার চেষ্টা করছে। মার্কিন প্রেস সেক্রেটারি জেরফ মোরেল বলেছেন, "ইউরোপীয়দের এই ব্যবস্থা গ্রহণ করতে ভয় দেখানোটাই রাশিয়ার এ ধরনের কথাবার্তার উদ্দেশ্য। কিন্তু এ চেষ্টা কাজে আসবে না।" উল্লেখ্য, রাশিয়ার ধারণা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর নিরাপত্তায় হুমকি। কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে তাদের এ ব্যবস্থার লক্ষ্য রাশিয়া নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১০২৭ ঘ.