টোকিও, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিতর্কিত নির্বাচনের জন্য দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার সম্মত হয়েছেন জি-৮ নেতারা।
বিশ্বের শিল্পন্নোত দেশগুলোর সংস্থা জি-৮ নেতারা জানিয়েছেন, জিম্বাবুয়ের বর্তমান পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন। একই সঙ্গে জণগনের মতামতের প্রতিফলন ঘটাতে ব্যর্থ গত ২৭ জুনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারকে তারা বৈধতা দেবে না বলে জানিয়ে দিয়েছেন।
জিম্বাবুয়ের বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই গত ২৭ জুনের নির্বাচনে অংশ নেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশে এবং আন্তর্জাতিক চাপের মুখেও তিনি নির্বাচন স্থগিত করেননি।
জি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া শীর্ষ নেতারা নৈশভোজে জিম্বাবুয়ের বিষয়টি আলোচনার পর এক বিবৃতিতে জানিয়েছেন, "জিম্বাবুয়ের বর্তমান পরিস্থিতি ও সহিংসতার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেব।"
তবে এই পদক্ষেপ কি ধরনের হতে পারে সে সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছিল, মুগাবে ও তার শীর্ষ সহযোগিদের বিরুদ্ধে অবরোধ আরোপের বিষয়ে নিরাপত্তা পরিষদে এ সপ্তাহে ভোটাভুটি হতে পারে।
শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য মুগাবে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জি-৮ নেতারা। একই সঙ্গে তারা জিম্বাবুয়ের জন্য বিশেষ প্রতিনিধি নিয়োগে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়েছেন।
জিম্বাবুয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির মধ্যস্থতায় বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে সরকার।
তবে বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা মর্গান স্যাঙ্গেরাই জানিয়েছেন, মুগাবে সরকার তার দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ না কার পর্যন্ত এবং তাকে গত ২৯ মার্চের প্রথম দফা নির্বাচনে বিজয়ী মেনে না নেওয়া পর্যন্ত তার দল সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৪৫ ঘ.
bdnews24