ব্যাংকক, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দু'বছর পর দুর্নীতির অভিযোগে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিচার মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই টেলিকম জায়ান্ট কোটিপতি থাকসিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি জমি কেনা মামলায় থাকসিন ও তার স্ত্রীকে অভিযুক্ত করে মঙ্গলবার থেকে প্রথম বিচার শুরু হয়েছে।
তবে এই দম্পতি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে তা অস্বীকার করেছেন।
২০০৬ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন। তারপর থেকে দেশের বাইরে ছিলেন তিনি। কিন্তু গত বছর তার মিত্ররা নির্বাচনে জেতার পর গত ফেব্র"য়ারিতে তিনি দেশে ফেরেন।
দেশে ফেরার পরপরই থাকসিন ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির মালিক থাকসিনের কোটি কোটি ডলার জব্দ করে রাখা হয়েছে।
রাজধানীতে একটি প্লট কেনায় দুর্নীতির মামলায় মঙ্গলবার থেকে বিচার শুরু হয়েছে। থাকসিনের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ওই জমিটি অল্পদামে তার স্ত্রীকে পাইয়ে দেন।
এই অভিযোগ প্রামাণিত হলে থাকসিন ও তার স্ত্রীর দীর্ঘ মেয়াদী কারাদণ্ড হতে পারে। তবে মামলায় হাজিরা দিতে এই দম্পতি মঙ্গলবার আদালতে উপস্থিত হননি।
তবে তাদের আইনজীবী অনিক থামচুম বলেন, "আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আমাদের বিশ্বাস, আদালতে থাকসিন ও তার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করতে পারব।"
তবে বর্তমান সরকারও থাকসিনের পক্ষ নিয়ে এই মামলাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। সরকার জানিয়েছে, যে সামরিক দল এই মামলার তদন্ত করছে তাদের এই ধরণের তদন্তের বৈধতা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24