২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম ২০০ ডলারে পৌঁছবে, আশঙ্কা জি-এইটে

জি-এইট সম্মেলনের প্রথম দিনেই ছায়া ফেলেছে তেলের ক্রমবর্ধমান দাম। গত সপ্তাহে তেলের দাম ১৪৪ ডলারের রেকর্ড ছাড়ানোর পর তা আরও বেড়ে ব্যারেল প্রতি ২০০ ডলারে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জি-এইট সম্মেলনের প্রথম দিনেই ছায়া ফেলেছে তেলের ক্রমবর্ধমান দাম। গত সপ্তাহে তেলের দাম ১৪৪ ডলারের রেকর্ড ছাড়ানোর পর তা আরও বেড়ে ব্যারেল প্রতি ২০০ ডলারে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। সোমবার জি-এইট সম্মেলনে তেলের দাম ২০০ ডলারে পৌঁছার আশঙ্কা প্রকাশ করেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। তিনি ভবিষ্যতের বাজারে তেলের দাম বেঁধে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়ার প্রস্তাব করেন। নতুন করে ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রে মজুদ স্বল্পতার কারণে যোগান ঘাটতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গত বৃহষ্পতিবার নতুন রেকর্ড গড়ে। এদিন ইউএস ক্রুড এর দাম পর পর পাঁচ দফায় বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১৪৫ দশমিক ৮৫ ডলারে পৌঁছে যায়। অবশ্য পরে তা কমে সোমবার দাঁড়িয়েছে ১৪৩ ডলারের কাছাকাছি। "তেলের দাম আবারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা আছে। অনেকেরই আশঙ্কা তেলের দাম ২০০ ডলারে পৌঁছতে পারে।" বালুর্সকোনি জি-এইট সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের একথা বলেছেন। বিনিয়োগকারী ব্যাংক 'গোল্ডম্যান শাস' এর বিশ্লেষক অরজুন মুর্তি মে মাসেই তেলের দাম ২০০ ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছিলেন। বলেছিলেন, দুই বছরের মধ্যেই তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছবে। জি-এইট সম্মেলনে তাই তেলের দামের বিরুদ্ধে লড়াইয়েরই ভিন্ন ভিন্ন উপায় খুঁজে বের করার চেষ্টায় নামার কথা বলছেন নেতারা। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, "আমাদেরকে তেলের দামের বিরুদ্ধে লড়াইয়ের ভিন্ন ভিন্ন পথ খুঁজে দেখতে হবে।" গত সপ্তাহে ইউরোর বিপরীতে ডলারের বিনিময়মূল্য তার আগের দুই মাসের মধ্যে সবচেয়ে কমে নেমে আসে। এর আগেরদিনের এক প্রতিবেদনে দেখা যায় যে, যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে ছাঁটাইয়ের হার গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর অশোধিত তেলের দাম এ বছর বেড়েছে প্রায় ৫০ ভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৭ ঘ.