জেরুজালেম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজার সঙ্গে কিছু সীমান্ত পারাপার পথ রোববার খুলে দিচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় পণ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ফিলিস্তিনিদের ইসরায়েলে চিকিৎসা সহায়তার সুযোগ দিতে এ পথগুলো খুলে দেওয়া হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
এর আগে, গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার পর ওই সীমান্ত পারাপার পথগুলো বৃহষ্পতিবার বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। অবশ্য ওই রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাছাড়া রকেট হামলা ছাড়াও এমনিতেই শুক্রবার থেকে ইসরায়েলের সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উপাসনার দিন রোববার পর্যন্ত স্বাভাবিকভাবেই ওইসব পারপার পথগুলো বন্ধ থাকে।
ইসরায়েলি কর্মকর্তা পিটার লারনার জানান, গাজা ও ইসরায়েলের প্রধান সীমান্ত পারাপার 'ইরেজ ক্রসিং' গাজার অধিবাসীদের জরুরি চিকিৎসা সহায়তার জন্য খুলে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পণ্য সরবরাহের জন্য সুফা ক্রসিং খুলে দেওয়া হবে এবং জ্বালানির জন্য নাহাল ওজ জ্বালানি ডিপোটিও খোলা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24