ভূপাল, ভারত জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাশ্মীরের অমরানাথ মন্দির ট্রাস্টকে জমি বরাদ্দ নিয়ে ভারতের মধ্য প্রদেশে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। ইন্দোরে গত দুই দিনের হিন্দু মুসলিম সংঘর্ষে এ পর্যন্ত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার ইন্দোরে কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে চারজন বৃহস্পতিবারের হিন্দু ও মুসলিম সংঘর্ষে মারা যান। বাকী দু'জন শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় মারা যান। শুক্রবারের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা রাকেশ শ্রীবাস্তব বলেন, "সংঘর্ষকারীরা বিভিন্ন স্থানে ইট-পাটকেল নিক্ষেপ করে, কোনো কোনো স্থানে তারা পুলিশকে লক্ষ্য করেও হামলা চালায়।"
কর্তৃপক্ষ জানায়, আরও বেশি সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশংকা থেকেই কারফিউ জারি করা হয়েছে।
ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মিরে অমরনাথ মন্দিরের ট্রাস্টে বনাঞ্চলের জমি দান করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গত সপ্তাহে সেখানকার মুসলমানদের প্রতিবাদ বিক্ষোভের পর সরকার ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
কিন্তু সরকার সিদ্ধান্ত পরিবর্তন করার পরপরই বিক্ষোভে নামে বেশ কয়েকটি রাজ্যের হিন্দুরা। তারা অনেকগুলো রাজ্যে ধর্মঘটের ডাক দেয়। মধ্যপ্রদেশের ইন্দোরেও বিক্ষোভ হয়। ওই বিক্ষোভ বৃহস্পতিবার সংঘর্ষে রূপ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২০৮ ঘ.
bdnews24