লস এঞ্জেলেস, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আগুন। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া উপকূল থেকে ১৭০ মাইল দুূরের ৪ হাজার বাড়ি দাবনল থেকে রক্ষার জন্য দিনভর চেষ্টা চালিয়েছে দমকল বাহিনী।
সবচেয়ে বিপদের মধ্যে রয়েছে গোলেটা এবং সান্তা বারবারা। শহর দুটির বাড়িঘর এবং বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র অভিমুখে ছড়িয়ে পড়ছে দাবানল।
কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির ৩০ হাজার বাসিন্দার মধ্যে ৩ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। একইসেঙ্গ তারা জানায়, দমকল বাহিনীর উদ্ধার কাজে বিশেষ গুরুত্ব পাচ্ছে মানুষ এবং রাষ্ট্রীয় সম্পত্তি।
ক্যালিফোর্নিয়ার দমকল বাহিনীর মুখপাত্র কারেন ম্যাককিনলি বৃহস্পতিবার বলেন, "গোলেটার পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং আমরা আরও অনেক জায়গা থেকে লোকজন সরিয়ে নিচ্ছি।" একইসঙ্গে তিনি জানান, বুধবার শুরু হওয়া দাবানল প্রায় ২৪ হাজার একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫০ ঘ.
bdnews24