ওয়াশিংটন, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগস্টে বেইজিংয়ে অনুষ্ঠেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। হোয়াইট হাউস বৃহস্পতিবার একথা জানিয়েছে। চীন নাগরিক অধিকার লঙ্ঘন করছে বলে বেইজিং অলিম্পিক বয়কটের জন্য বিশ্ব নেতাদের প্রতি মানবাধিকার সংস্থাগুলোর আহ্বানের মুখেও বুশ এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
মার্চে তিব্বতে বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ দমনের কারণে চীন বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে। এ বিষয়ে চীন নীতি নিয়েও ব্যাপক সামলোচনা হয়। বিভিন্ন দেশে বিক্ষোভকারিদের বাধার মুখে পড়ে অলিম্পিক মশাল শোভাযাত্রা।
আগস্টে মার্কিন প্রেসিডেন্ট বুশের দক্ষিণ এশিয়া, থাইল্যান্ড এবং চীন সফর সম্পর্কিত এক ঘোষণায় হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেন, "প্রেসিডেন্ট বুশ এবং মিসেস বুশ ৮ আগস্টের গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।"
মার্কিন প্রেসিডেন্ট এর আগে জানিয়েছিলেন, অলিম্পিকের উদ্বোধনীতে তিনি যোগ দেবেন না। একইসঙ্গে তিনি অলিম্পিক বয়কটের আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউস বুশের অলিম্পিক উদ্বোধনীতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে।
পেরিনো বলেন, "আমাদের ক্রীড়াবিদদের সমর্থন জানানোর জন্যই তিনি চীন সফর করবেন। এটাই তার বিশ্বাস। তিনি অলিম্পিককে খেলার প্রতিযোগিতা হিসেবেই দেখছেন।"
বুশ চীন সফরকালে প্রেসিডেন্ট হু জিনতাও সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে বুশ চীনা প্রেসিডেন্টের সঙ্গে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা হবে। এছাড়াও বুশ আগামী সপ্তাহে জাপানের জি-এইট শীর্ষ সম্মেলনের ফাঁকেও চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বলে জানান পেরিনো।
তবে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলই সারকোজি জানান, তিনি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার
বিষয়টিতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবেন। সেইসঙ্গে তিনি আরও জানান, বেইজিংয়ের সঙ্গে দালাইলামার প্রতিনিধিদের আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে তার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২২৬ ঘ.
bdnews24