২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অমরনাথ ট্রাস্টে জমি বরাদ্দকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত

ভারতে অমরনাথ মন্দির ট্রাস্টে জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসার প্রতিবাদে ডাকা ধর্মঘট সহিংসতায় রূপ নিয়েছে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরে সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ভূপাল, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে অমরনাথ মন্দির ট্রাস্টে জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসার প্রতিবাদে ডাকা ধর্মঘট সহিংসতায় রূপ নিয়েছে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরে সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে। ভারতের কয়েকটি রাজ্যে ধর্মঘটিরা ব্যাবসা-বাণিজ্য ও যান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুর করেছে। ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মিরে অমরনাথ মন্দিরের ট্রাস্টে বনাঞ্চলের জমি দান করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গত সপ্তাহে সেখানকার মুসলমানদের প্রতিবাদ বিক্ষোভের পর সরকার ওই সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু সরকার সিদ্ধান্ত পরিবর্তন করার পরপরই বিক্ষোভে নামে বেশ কয়েকটি রাজ্যের হিন্দুরা। তারা অনেকগুলো রাজ্যে ধর্মঘটের ডাক দেয়। মধ্য প্রদেশের ইন্দোর শহরে বৃহস্পতিবার হিন্দু ও মুসলমান এলাকাবাসীর মধ্যে দাঙ্গায় দুজন নিহত হয়েছে। এছাড়া আরও কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের পর শহরে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজ্যের প্রত্যন্ত একটি শহরে হিন্দু বিক্ষোভকারীরা একজন মুসলমান ব্যাবসায়ীকে পেটানো ও তার দোকানে ভাংচুর করার পর ওই ব্যবসায়ী নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। ওই ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। কাশ্মিরের অমরনাথ গুহায় যাওয়া হিন্দু তীথর‌্যাত্রীদের থাকার জন্য অস্থায়ী আবাস তৈরির জন্য অমরনাথ মন্দিরের ট্রাস্টে জমি বরাদ্দ দেওয়ার দাবি করে আসছে হিন্দু বিক্ষোভকারীরা। বিহারে ধর্মঘট আহ্বানকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীসমর্থকরা ট্রেন থামিয়ে দিয়েছে এবং পাটনায় যানবাহনে ভাংচুর করা হয়েছে। হিন্দু তীথর‌্যাত্রীদের জন্য আবাস নির্মাণে মন্দির ট্রাস্টে জমি বরাদ্দের দাবিকে সমর্থন জানিয়ে আসছে বিজেপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/২১৫২ ঘ.