আবুধাবী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানকে তেল রপ্তানীর উপসাগরীয় জলপথ 'হরমুজ প্রণালী' বন্ধ করতে দেবে না বলে শাসিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌ-বাহিনীর পঞ্চম বহর বুধবার এই হুঁশিয়ারি দিয়েছে। ইরান আক্রান্ত হলে উপসাগর এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করবে বলে গত সপ্তাহে হুমকি দিয়েছিলেন ইরানের রেভল্যুশনারী গার্ড এর প্রধান।
এরই প্রতিক্রিয়ায় মার্কিন নৌ-বহরের কমাণ্ডার ভাইস এডমিরাল কেভিন কোসগ্রিফ আবুধাবীতে উপসাগরীয় নৌ-নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে বলেন, "ইরান হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করবে না। আমরা তাদেরকে ওই চেষ্টা করতে দেব না। এর চেয়ে পরিস্কার করে আমি আর কিছু বলতে পারি না।"
ওয়াশিংটন বলেছে, জানুয়ারিতে হরমুজ প্রণালীতে ইরান ওয়াশিংটনের যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করেছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। তারা একে যুক্তরাষ্ট্রের অতিরঞ্জিত প্রচার-প্রপাগান্ডা বলে অভিহিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৪ ঘ.
bdnews24