শারম ইল-শেইখ, মিসর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ে সঙ্কট নিরসনে শাস্তি না আলোচনা কোন পথে আগানো হবে তা নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দূর করে মতৈক্যে পৌঁছার চেষ্টা চলছে আফ্রিকান ইউনিয়ন (এইউ) সম্মেলনে। সম্মেলনের নেতাদের কেউ কেউ জিম্বাবুয়ের ওপর কঠোর ব্যবস্থা চাইছেন। আবার কেউ এর বিরোধিতা করে আলোচনার পথে আগাতে চাইছেন।
সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা বলেছেন, জিম্বাবুয়ের জনগণের গনতান্ত্রিক অধিকারকে অস্বীকার করা হয়েছে। ফলে এই নির্বাচন নিশ্চিতভাবেই নিন্দনীয় এবং এর নিন্দা জানাতে হবে। কিন্তু তিনি বলেন, এইউকে মুগাবে এবং স্যাঙ্গেরাই দুজনকেই আলোচনায় বসাতে হবে। যাতে তারা নতুন করে নির্বাচন এবং উত্তরণশীল সরকারের পথে আগাতে পারে।
কিন্তু মুগাবের মুখপাত্র জর্জ চারাম্বা কেনিয়া ধাঁচের ক্ষমতা ভাগাভাগির ধারণা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, "কেনিয়া হচ্ছে কেনিয়া। আর জিম্বাবুয়ে হচ্ছে জিম্বাবুয়ে। আর তাই কেনিয়ার পদ্ধতিতে নয় জিম্বাবুয়ের পদ্ধতিতেই সমস্যার সমাধানের পথে আগাতে হবে।"
জিম্বাবুয়ে সরকারের ওপর কোনোও নিষেধাজ্ঞা বা শাস্তি আরোপ না করে বরং আলোচনার মাধ্যমেই সঙ্কট সমাধান চায় আফ্রিকান ইউনিয়ন (এইউ)।
এইউ নেতারা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বিরোধীদলীয় নেতা মরগান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে আলোচনায় বসার জন্য চাপ দেবেন বলেই মনে করা হচ্ছে।
মুগাবে রোববার নতুন মেয়াদে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরপরই এইউ সম্মেলনে যোগ দেন। তিনি এখানে পৌঁছা মাত্রই আফ্রিকার আঞ্চলিক শক্তির দেশ দক্ষিণ আফ্রিকা তার জানু-পিএফ পার্টিকে বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ এমডিসি'র সঙ্গে উত্তরণশীল সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানায়।
জিম্বাবুয়ের দ্বিতীয় দফা নির্বাচন থেকে বিরোধী দলের নেতা মরগান স্যাঙ্গেরাই প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পরও মুগাবে নির্বাচন চালিয়ে গেছেন। এর জন্য তিনি আফ্রিকা ও বর্হিবিশ্বে ব্যাপক সমালোচনার শিকারও হয়েছেন।
এইউ কমিশনের চেয়ারম্যান এবং আফ্রিকার শীর্ষ কূটনীতিক জিন পিং সাংবাদিকদের জানান, মঙ্গলবার জিম্বাবুয়ের রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করা হবে। এইউ সম্মেলনে যোগ দেওয়া এক ঊর্ধ্বতন প্রতিনিধি রয়টার্সকে জানান, "নেতারা সাবধানতোর সঙ্গেই পদক্ষেপ নেবেন। তারা প্রকাশ্যে মুগাবেকে স্বীকৃতি জানাবেন না। আবার তাকে সম্মেলন থেকে বেরও করে দেবেন না কিংবা বয়কট করবেন না।"
এইউ সম্মেলনে জিম্বাবুয়ের ওপর পশ্চিমা বিশ্বের বিশেষ করে জাতিসংঘের কঠোর ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রের চাপের বিরোধিতা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মুগাবে ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকটি সূত্র জানায়, পূর্ব ও পশ্চিম আফ্রিকা জিম্বাবুয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চায়। কিন্তু এ ব্যাপারে মুগাবের দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশগুলের মধ্যে মতভেদ আছে। একারণে তারা কঠোর ব্যবস্থার দিকে না গিয়ে বরং বিরোধীদল 'এমডিসি' এর সঙ্গে মুগাবের জানু-পিএফ পার্টির আলোচনা শুরু করানোর মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের পথে এগুতে চাইছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫৮ ঘ.
bdnews24