২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি দূতাবাস ছাড়লেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম রোববার তার বিরুদ্ধে আনা সমকামিতার অভিযোগ অস্বীকার করার পর নিরাপত্তার জন্য তুর্কি দূতাবাসে আশ্রয় নিলেও সোমবার তিনি দূতাবাস ছেড়েছেন। সমকামিতার অভিযোগের বিরুদ্ধে এদিন আনোয়ার একটি মানহানির মামলাও করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

কয়ালালামপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম রোববার তার বিরুদ্ধে আনা সমকামিতার অভিযোগ অস্বীকার করার পর নিরাপত্তার জন্য তুর্কি দূতাবাসে আশ্রয় নিলেও সোমবার তিনি দূতাবাস ছেড়েছেন। সমকামিতার অভিযোগের বিরুদ্ধে এদিন আনোয়ার একটি মানহানির মামলাও করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আনোয়ার রাষ্ট্রদূতের বাসভবন হয়ে দূতাবাস ত্যাগ করেন। এর আগে মালয়েশিয়ার সাবেক এই উপপ্রধানমন্ত্রী রয়টার্সকে টেলিফোনে এক সাক্ষাৎকারে জানান, তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি, বরং মানবিক কারণেই দূতাবাসে গেছেন। আনোয়ার তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগকে খাদ্য, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাওয়ি সরকারের নানা কেলেঙ্কারির দিক থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চক্রান্ত বলে অভিহিত করেন। ৬০ বছর বয়স্ক আনোয়ার রোববার সকালে হত্যার হুমকি পাওয়ার কথা বলে কুয়ালালামপুরের তুর্কি দূতাবাসে আশ্রয় নেন। তার স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল ইতোপূর্বে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আনোয়ারের নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দূতাবাস ছাড়বেন এবং পুলিশের সঙ্গেও সহযোগিতা করবেন। ইসমাইল আরও বলেন, "তার বিরুদ্ধে সব অভিযোগই মিথ্যা। আমরা আড়েও এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছি।" সমকামিতার অভিযোগ তাকে বিব্রত করার সরকারি প্রচেষ্টা-- এই পাল্টা অভিযোগ তুলে আনোয়ার রোববার তার পরিবারকে জানান, তিনি প্রাণের ভয়ে শঙ্কিত। তবে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি। আনোয়ারের রাজনৈতিক দল জাস্টিস পার্টির মুখপাত্র তিয়ান চুয়া টেলিফোনে জানান, আনোয়ার দুপুরে তুর্কি দূতাবাসে যান এবং সেখানে রাত যাপন করেন। তিনি নিরাপত্তার জন্যই সেখানে গেছেন, রাজনৈতিক আশ্রয়লাভের জন্য নয়। আমরা কেবল এটুকুই চাই যে তিনি নিরাপদ থাকুন।" কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ হামিদ আলবার বলেছেন, আনোয়ারের জীবন হুমকির মুখে নেই। পার্লামেন্টে সাংবাদিকদের তিনি বলেন, আনোয়ারের উচিত ভান আর বাস্তবতার তফাত বোঝা। সোমবার আনোয়ারের আইনজীবী তার সমকামিতার অভিযোগের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। ২৩ বছর বয়সের সহযোগী সাঈফুল বুখারী আজলানের সঙ্গে আনোয়ারের সমকামিতার অভিযোগ রয়েছে বলে জানান তার এক আইনজীবী। মার্চের নির্বাচনে বিরোধীদল ভালো ফলের রেকর্ড গড়ার পর আনোয়ারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে মালয়েশিয়ায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবেক উপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ১৯৯৮ সালে বরখাস্ত করার পর তাকে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু মার্চের নির্বাচনে বিরোধীদলের ভালো ফলে আনোয়ার আবার সৌভাগ্যের দেখা পাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। আনোয়ার বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের জন্য ক্ষমতাসীন কোয়ালিশনের আইনপ্রণেতাদের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন পেয়েছেন। রোববার একটি হোটেলের বাইরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সমবেত প্রায় ২০০ সমর্থকের উদ্দেশ্যে এক বিবৃতিতে আনোয়ার বলেন, "আমার বিরুদ্ধে আনীত পুলিশের অভিযোগনামা পুরোপুরি অতিরঞ্জিত।" আনোয়ারের আইনজীবী এই বিবৃতি পড়ে শোনান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৭ঘ.