জেরুজালেম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৬ সালের লেবানন যুদ্ধের আগে অপহৃত দুই সেনাকে উদ্ধারে শিয়া গ্র"প হিজবুল্লাহর সঙ্গে বন্দিবিনিময় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে কিনা তা নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় রোববার আলোচনা শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, এই আলোচনার মাঝেই প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, সেনারা আর জীবীত নেই।
পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েল সরকার এই প্রথম দুই সেনা এহুদ ওগাল্ডওয়াসের এবং এলদাদ রেগেভের মৃত্যুর খবরটি নিশ্চিত করল। ওলমার্টের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, " আমরা জানি তাদের ভাগ্যে কি ঘটেছে।"
এহুদ ওলমার্ট বন্দিবিনিময় এগিয়ে নিতে সরকারের সমর্থন চেয়েছেন। রোববার মন্ত্রিপরিষদের বৈঠকে ওলমার্টের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
রয়টার্সের খবরে বলা হয়েছে, জার্মানদের মধ্যস্থতায় শুরু হওয়া এ বন্দিবিনিময় প্রক্রিয়া নিয়ে ওলমার্ট সরকার এগিয়ে যেতে চায়। কিন্তু শীর্ষ গোয়েন্দারাও বলছেন, হিজবুল্লাহর হাতে অপহৃত দুই ইসরায়েলি সেনা আর জীবিত নেই। তারপরও লেবাননের জীবিত বন্দিদের বিনিময়ে হলেও ওই প্রক্রিয়া এগিয়ে নিতে চায় ইসরায়েল।
ইসরায়েলের পরিবহন মন্ত্রী শাউল মোফাজ মন্ত্রিপরিষদের সভায় যোগ দেওয়ার আগে সেদেশের রেডিওকে বলেছেন, "এই দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনার ইতি টানার একটি সুযোগ পেয়েছি আমরা।"
'জীবিত কিংবা মৃত যে অবস্থাতেই হোক যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের উদ্ধার করা দেশের দায়িত্ব' এ প্রবাদের প্রতি ইঙ্গিত করে ইসরায়েলের এ সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ইসরায়েল যদি তার সন্তানদের প্রতি নজর না দেয় তাহলে সন্তানরাও আর তার দিকে তাকাবে না।"
ইসরায়েলের দুই সেনা এহুদ গোল্ডওয়াসের এবং এলদাদ রেগেভের এর বিনিময়ে লেবাননের পাঁচ গেরিলাকে মুক্তি দিতে এবং ইসরায়েলের হাতে নিহত ১০ লেবাননি অনুপ্রবেশকারীর মৃতদেহ ফেরৎ দিতে রাজি হয়েছে দুইপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০৫ ঘ.
bdnews24