ভিলাহারমোজা, মেক্সিকো, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গুয়েতেমালায় শুক্রবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার জন নিহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ফার্নান্দো বারিলাস সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ভিসিনো গোমেজসহ হেলিকপ্টারের চার আরোহীই নিহত হয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, "খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।"
গুয়েতেমালার ভাইস প্রেসিডেন্ট রাফায়েল এসপাদা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী গোমেজ হেলিকপ্টারে করে গুয়েতেমালা সিটি থেকে উত্তরাঞ্চলের বনাঞ্চল পেটেন এ যাচ্ছিলন।
বারিলাস জানান, নিহত অন্য তিন আরোহী হচ্ছেন স্বরাষ্ট্র উপমন্ত্রী এডজার উমানা এবং হেলিকপ্টারটির দুই পাইলট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫২২ ঘ.
bdnews24