২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৈরালার পদত্যাগে নেপালে মাওবাদীদের সরকার গঠনের পথ পরিষ্কার

অবশেষে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন নেপালের অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা। এর ফলে গণপরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী মাওবাদীদের সরকার গঠনের পথ পরিষ্কার হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 06:21 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

কাঠমান্ডু, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবশেষে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন নেপালের অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা। এর ফলে গণপরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী মাওবাদীদের সরকার গঠনের পথ পরিষ্কার হল। গত এপ্রিলের গণপরিষদ নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের পর প্রধানমন্ত্রী কৈরালা ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করছেন বলে অভিযোগ করে মাওবাদীরা তার ব্যাপক সমালোচনা করে। মাওবাদীরা তার পদত্যাগকে স্বাগত জানিয়েছে। কৈরালা গণপরিষদের এক বিশেষ অধিবেশনে বলেন, "আমি এখানে ঘোষণা করছি যে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।" ধারণা করা হচ্ছে মাওবাদীদের শীর্ষ নেতা প্রচন্ড নেপালের নতুন প্রধানমন্ত্রী হবেন। সাংবাদিকদের ওই মাওবাদী নেতা বলেন, "তার ঘোষণা ইতিবাচক।" উল্লেখ্য, ২০০৬ সালে মাওবাদীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তিতে মুখ্য ভূমিকা পালন করেন কৈরালা। অনেক বিশ্লেষক বলছেন, কৈরালা দেশটির প্রেসিডেন্ট পদের জন্য মাওবাদীদের সঙ্গে আলোচনা করছেন। প্রায় ২৪০ বছরের রাজতন্ত্র বিলোপ হয়ে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়েছে নেপাল। দেশটির নতুন সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হবেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং প্রেসিডেন্ট পদটি হবে অনেকটাই আনুষ্ঠানিক। গণপরিষদ নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্থান করে নিয়েছে কৈরালা'র নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস। মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় সরকার গঠনের জন্য তাদের অবশ্যই অন্য রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন হবে। এ লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। গণপরিষদের ৬০১ টি আসনের মধ্যে ২২০টি আসন লাভ করেছে মাওবাদীরা। দলটির নেতারা জানান, আগামী সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠন করতে পারবেন বলে তারা আশা করছেন। গণপরিষদের মাধ্যমে দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২১২ ঘ.