এমবাবানে, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই বিতর্কিত নির্বাচন এবং ছড়িয়ে পড়া সহিংসতা থেকে জিম্বাবুয়ের উত্তরণে আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতৃত্ব কামনা করেছেন। তিনি বলেন, জাতিসংঘ সমর্থিত আফ্রিকান ইউনিয়নকে এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে হবে। ডাচ দূতাবাস ছেড়ে বুধবার বাড়ি ফিরে স্যাঙ্গেরাই একথা বলেন।
২৭ জুনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই স্যাঙ্গেরাই সহিংসতা থেকে বাঁচতে রোববার ডাচ দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "উত্তরণশীল প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বড় ধরনের উদ্যোগ নিতে আমি এইউ এবং এসএডিসি (সাউদার্ণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি) কে অনুরোধ জানাচ্ছি।"
নির্বাচন অনুষ্ঠান করাটা লজ্জাকর হবে বলে স্যাঙ্গেরাই মন্তব্য করেন।
বিবিসি জানায়, আলোচনার মাধ্যমে সমস্যার রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে স্যাঙ্গেরাই বলেছেন, "এতে করে দেশ অস্থিরতা কাটিয়ে উঠতে শুরু করবে। ২য় দফায় নির্বাচন করে সমস্যার সমাধান হবে না।"
সঙ্কট সমাধানে স্যাঙ্গেরাই ৪ টি দাবি জানিয়েছেন।
১. অবিলম্বে সহিংসতা বন্ধ করা---- মিলিশিয়াদের ঘরে ফেরানো এবং চেকপয়েন্ট তুলে নেওয়া
২. দেশে মানবিক সাহায্য সরবরাহের অনুমতি দেওয়া।
৩. ২৯ মার্চের নির্বাচনে নির্বাচিত সব সদস্যকে শপথ নেওয়ানো।
৪. অবিলম্বে এমডিসি'র মহাসচিব তেন্দাই বিটিসহ সব রাজবন্দিকে মুক্তি দেওয়া।
তিনি বলেন, তার প্রস্তাবের বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে খতিয়ে দেখা দরকার।
স্যাঙ্গেরাই আরও বলেন, "দুপরেই এটি উপলব্ধি করা দরকার যে, দেশ জ্বলছে। এ থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা।"
তিনি বলেন, "সত্যিকার অর্থেই প্রকৃত আলোচনা হওয়া চাই। নিছক কথা বলার জন্য কথা নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১২ঘ.
bdnews24