লন্ডন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - ক্রসফায়ারে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গত বছরের অক্টোবরে দণি লন্ডনে দুই তরুণের গোলাগুলির মাঝখানে পড়ে নিহত হন ২৬ বছর বয়সী মাগদা নিয়েস্কা। পোলিশ বংশোদ্ভুত ওই তরুণীর মৃত্যুর ঘটনায় আটক দুই তরুণের একজন আরমেল নাঙ্গো'কে সোমবার ওই সাজা দিয়েছে আদালত।
সেবিকা সহকারী মাগদা যখন দণি লন্ডনের নিউ ক্রসে গুলিবিদ্ধ হন, তখন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পোল্যান্ডে অবস্থানরত তার বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। তার বোন আদালতকে জানিয়েছেন, ফোনে গুলির শব্দ এবং তার বোনের শেষ নিঃশ্বাস শুনতে পেয়েছিলেন তিনি।
লন্ডনের সেইন্ট আলবানস ক্রাউন কোর্ট মাগদা নিয়েস্কার মৃত্যুর জন্য ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ আরমেল নাঙ্গো'কে দায়ী করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
আরমেল নাঙ্গো'কে কমপে ২০ বছর কারাদণ্ড ভোগ করতে হতে পারে। হত্যার অভিযোগ ছাড়াও জনস্বার্থ বিবেচনা করে 'এটেম্পট টু মার্ডার' বা হত্যার জন্য চেষ্টা চালানোয় তাকে ১২ বছর এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। দুটি কারাদণ্ডই একসঙ্গে চলতে থাকবে বলেও উল্লেখ করেছে আদালত।
মামলার শুনানিতে বলা হয়, অস্ত্রধারী দুই তরুণের গোলাগুলির মধ্যে পড়ে সেবিকা সহকারি মাগদা মারা যান। দুই যুবকের কেউই মাগদাকে হত্যার উদ্দেশ্যে গুলি না ছুঁড়লেও তারা একে অপরকে হত্যার জন্য গুলি করছিলেন এবং তাদের কারণেই মাগদা মারা যান।
মামলার বিচারক বিচারপতি কুক বলেন, "আপনি স্পষ্টতই অপর জনকে হত্যার চেষ্টা করছিলেন এবং আপনাদের দুজনের কেউই না মরে ওই নিরপরাধ সেবিকা সহকারী মারা যান।"
আরমেল নাঙ্গো ছাড়া ওই ঘটনায় জড়িত অপর তরুণকেও আটক করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।
নিহত মাগদার বোন এলজবিয়েতা লুবি তথ্যপ্রমাণসহ আদালতকে জানান, বোনের মৃত্যুর আগে চারটি গুলির শব্দ শুনতে পেয়েছিলেন তিনি।
তিনি বলেন, "তৃতীয় ও চতুর্থ গুলির মধ্যে সামান্য সময়ের ব্যবধান ছিল, যেন এক মুহূর্তের ইতস্ততা।"
তিনি আরও জানান," আমি মাগদাকে জিজ্ঞাস করলাম - ওখানে কি হচ্ছে, কি হয়েছে, কে গুলি করছে? ও বললো - একটু দাঁড়াও এলা"।
তিনি জানান কথপোকথনের এ পর্যায়েই তিনি চতুর্থ গুলির শব্দ শোনেন এবং এরপর ফোনে মাগদার শেষ নিঃশ্বাসের শব্দ শোনেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮২৫ ঘ.
bdnews24