বার্লিন ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ৬ হাজার সেনা দরকার। তা না হলে আফগানিস্তানে পশ্চিমা বাহিনীকে আরও বেশিদিন থাকতে হবে বলে রোববার জানিয়েছেন এক জার্মান ন্যাটো জেনারেল।
আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জেনারেল এগোন র্যামস সরকারি বেতারে স্টেশন 'দুশাল্যান্ডফাংক' এ বলেছেন, "এখনই সেনা বাড়ানো না হলে পরে ন্যাটো জোট সদস্যদেরকে শেষ পর্যন্ত এর মুল্য দিতে হবে।"
র্যামস বলেন, "আমরা মোট ৫ থেকে ৬ হাজার সেনা মোতায়েনের কথা বলছি। আমাদের এই সেনা অবিলম্বে এখনই প্রয়োজন। কারণ আমাদেরকে বিশেষ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিতে হবে, যুদ্ধে জয়ী হতে হবে এবং এক পর্যায়ে ২০১০, ২০১১ কিংবা ২০১২ সালে আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করতে হবে।"
আফগানিস্তানে ৬০ হাজারের মতো বিদেশি সেনা আছে। তাদের বেশির ভাগই ন্যাটো-নেতৃত্বাধীন 'ইন্টান্যাশনাল সিকিউরিটি এণ্ড অ্যাসিসটেন্ট ফোর্স' (আইএসএএফ) এর সদস্য। কিন্তু আফগানিস্তানে গত দুবছরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।
এ পরিস্থিতিতে অবিলম্বে অতিরিক্ত সেনা মোতায়েন করা না হলে আফগানিস্তান থেকে ন্যাটো এবং আইএসএএফ বাহিনী প্রত্রাহারে দেরী হতে পারে বলে জানান র্যামস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৯ঘ.
bdnews24