ভিয়েনা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা বিশ্বের অভিযুক্ত পরমাণু চুল্লি তদন্তে সোমবার সিরিয়ার উদ্দেশে রওনা হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অস্ত্রপরিদর্শকদল।
প্রায় নয় মাস আগে সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনকে পরমাণু স্থাপনা বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। তারা জানিয়েছে, গোপনে পরমাণু অস্ত্র তৈরির জন্য সিরিয়া সেখানে পরমাণু চুল্লি স্থাপন করেছিল।
তবে এই অভিযোগ অস্বীকার করে সিরিয়া জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনটি ছিল একটি সাধারণ সামরিক ভবন। তখনো পর্যন্ত এটি নির্মাণাধীন ছিল।
ওয়াশিংটন অভিযোগ করেছে, সিরিয়া সেনাবাহিনীর ভবনের আড়ালে পরমাণু চুল্লি চালানোর চেষ্টা করেছিল। পশ্চিমা পরমাণু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইসরায়েলি বোমা হামলার পর স্যাটেলাইট থেকে নেওয়া ছবিতে দেখা গেছে, পরমাণু চুল্লি স্থাপনের স্বাক্ষ্যপ্রমাণ মুছে ফেলতে সেখানে সবকিছু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আইএইএ'র তিন সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন ওলি হেইনোনেন। তিনি সংস্থাটির পর্যবেক্ষক দলের প্রধান। পর্যবেক্ষক দলের অপর দুই সদস্য সিরিয়ার সঙ্গে আগে থেকেই পরিচিত।
তবে ইসরায়েলি বিমান হামলায় স্থাপনাটি ধ্বংস হয়ে যাওয়ার নয় মাস পর এ সম্পর্কে খুঁটিনাটি সঠিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা পর্যবেক্ষক দলের জন্য কঠিন বলেই মনে হচ্ছে।
ভিয়েনা বিমানবন্দরে হেইনোনেন সাংবাদিকদের বলেন, "পর্যবেক্ষক দলের অপর সদস্যদের সঙ্গে আজ (রোববার) বিকালেই আমাদের প্রথম বৈঠক হবে। কাজেই বলতে গেলে আজ সন্ধ্যা থেকেই আমরা কাজ শুরু করব।"
পর্যবেক্ষক দল রোববার ও মঙ্গলবার দামেস্কে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। মাঝে সোমবার তারা ধ্বংস হয়ে যাওয়া স্থাপনা পরিদর্শন করবে। হেইনোনেন জানিয়েছেন, তারা বুধবার ভিয়েনা ফিরবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24