২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিতা বাঁচাতে একসঙ্গে লড়ছে ইরান-পশ্চিমা বিশ্ব

পরমাণু প্রকল্প নিয়ে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে মারমার-কাটকাট অবস্থার মধ্যেও বিরল প্রজাতির চিতা বাঘের অস্তিত্ব রক্ষায় তারা একসঙ্গে কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

কুহ বাগ অভয়ারণ্য, ইরান, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু প্রকল্প নিয়ে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে মারমার-কাটকাট অবস্থার মধ্যেও বিরল প্রজাতির চিতা বাঘের অস্তিত্ব রক্ষায় তারা একসঙ্গে কাজ করছে। বিলুপ্তির হুমকির মুখে থাকা এই চিতা রক্ষায় ইরানের পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) গৃহীত পদক্ষেপে সহযোগিতা দিয়ে যাচ্ছে মার্কিন ও ব্রিটিশ ভিত্তিক পরিবেশবাদী গ্র"পগুলো। বিরল প্রজাতির এশীয় চিতার মাত্র ৬০ থেকে ১০০টি ইরানে অবশিষ্ট আছে বলে ধারণা করা হয়। ইরানের মধ্যাঞ্চলের ইয়াজ প্রদেশে পাহাড়ি এলাকায় এদের জন্য গড়ে তোলা হয়েছে একটি অভয়ারণ্য। চকচকে মসৃণ ও ফোটাফোটা চামড়ার এই চিতা এক সময় দাপিয়ে বেড়াত আরব উপদ্বীপ থেকে ভারত পর্যন্ত বিস্তির্ণ এলাকা। তবে গত তিন দশকে ইরানে তাদের সংখ্যা অর্ধেকের বেশি কমে গেছে। নিউ ইয়র্ক ভিত্তিক একটি বেসরকারি সংস্থা 'প্যান্থেরা'র নির্বাহী পরিচালক লুকে হান্টার বলেন, "রাজনৈতিক ভেদাভেদ ভুলে চিতা বাঁচানোর এই পদক্ষেপ খুবই চমৎকার ও প্রয়োজনীয়।" আস্ট্রেলিয়ান নাগরিক হান্টার বলেন, "ইরানি ও আমেরিকানরা উভয়ই অনুভব করেতে পেরেছে, চিতা রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক মতভেদ দূরে সরিয়ে রাখতে হবে। যদি আমরা তা পারি তাহলে এই বিরল প্রজাতির চিতার বিলুপ্তি রোধ করা যাবে।" ইরানের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আলী আকবর কারিমি বলেন, "বন্যপ্রাণী রক্ষায় যারা কাজ করেন আমি তাদের পছন্দ করি। সে যেই হোন না কেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০০ ঘ.