২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতির কারণে ঘরমুখী উপসাগরীয় দেশগুলোর বিদেশি কর্মীরা

করহীন চাকরি আর সস্তায় জীবন-যাপনের সুবিধাসহ ভাল আয়-রোজগারের জন্য বিদেশী কর্মীদের কাছে তেলসমৃদ্ধ আরব উপসাগরীয় দেশগুলো বহু বছর ধরেই ছিল অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু সেখানে জীবন-যাপনের ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়তে থাকায় অনেকেই এখন ঘরমুখো হচ্ছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

দুবাই, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - করহীন চাকরি আর সস্তায় জীবন-যাপনের সুবিধাসহ ভাল আয়-রোজগারের জন্য বিদেশী কর্মীদের কাছে তেলসমৃদ্ধ আরব উপসাগরীয় দেশগুলো বহু বছর ধরেই ছিল অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু সেখানে জীবন-যাপনের ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়তে থাকায় অনেকেই এখন ঘরমুখো হচ্ছেন। (আরও তথ্যসহ) সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির মেরুদণ্ড তৈরীতে ভূমিকা রেখেছে উচ্চ-বেতনভোগী পশ্চিমা নির্বাহী থেকে শুরু করে অত্যন্ত নিম্ন মজুরীর লাখ লাখ এশীয় শ্রমিক। কিন্তু সত্তরের দশক থেকে ক্রমশ তেজস্বী হওয়া পেট্রোডলারের উপসাগরীয় অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়তে বাড়তে এখন প্রায় রেকর্ড পরিমাণে পৌঁছানোয় এদের অনেকই এখন ঘরে ফেরার চিন্তা করছেন। উপসাগরের প্রধান বাণিজ্যকেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও কম্পানিগুলো বর্ধিত বেতন ভাতা আর ভাড়া দিয়ে কর্মী সংগ্রহে হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বাড়িভাড়াসহ জীবন যাত্রার অন্যান্য ব্যয় মারাত্মক হারে বাড়তে থাকায় বিদেশি কর্মীরা আর আগের মতো কাজের জন্য ভীড় করছেন না। ডলারের সঙ্গে দিরহামের বিনিময়মূল্য স্থির করে রাখার কারণে ডলারের দরপতনের সঙ্গে সঙ্গে দিরহামেরও দরপতন হতে থাকায় বিদেশী র্র্কমীদের দেশে পাঠানো অর্থের মূল্যমান কমে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, উপসাগরের মূল্যস্ফীতির সবচেয়ে বড় শিকার বিদেশী অদক্ষ শ্রমিকরা। বেতন থেকে প্রবাসে নিজের খরচ মিটিয়ে দেশ যে পরিমাণ অর্থ তারা পাঠাতে পারছেন তাতে করে তাদের সংসারের ব্যয় মেটানোই কষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অনেক শ্রমিক। ভারতীয় সাংবাদিক স্ট্যানলি কারাভালহো দুবাইয়ে প্রায় ১০ বছরের প্রবাসজীবন শেষে তার পরিবার পরিজনদের কাছে ফিরে যাচ্ছেন। দুবাইয়ের মূল্যস্ফীতি এ হারে না বাড়লে হয়তো তার স্বজনদের সঙ্গে তার এ মিলন এখনই ঘটতো না। স্ট্যানলি বলেন, "আরব আমিরাতে, বিশেষ করে দুবাইয়ে জীবন যাপন ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে, বাড়িভাড়া বেড়েছে সবচেয়ে বেশি.... কিন্তু সে তুলনায় বেতন বাড়ছে না। আমার পরিবারকে যদি ভারত থেকে দুবাইয়ে নিয়ে আসতে চাই তাহলে আমার আর কোনো সঞ্চয় থাকবে না।" তিনি আরও বলেন, "অন্যান্য ভারতীয়দের ক্ষেত্রেও যে বিষয়টি ঘটছে তা হল, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম বাড়া। এখন ডলারের সঙ্গে সঙ্গে দিরহামের দর পতনের কারণে ভারতে পাঠানো অর্থের মূল্যমান এখন ৮ থেকে ১০ ভাগ কমে গেছে।" ওদিকে, শতকরা ৯ ভাগ প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে শক্তিশালী অর্থনীতির দেশ ভারত এখন উচ্চ-বেতনের প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বহু দক্ষ কর্মীকেই দেশে আটকে রাখতে সক্ষম হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই বিদেশি, এদের মধ্যে শুধু ভারতীয় নাগরিকের সংখ্যাই ১৫ লাখ। কাতার এবং কুয়েতেও জনসংখ্যার বড় অংশ বিদেশি শ্রমিকরা। গত বছর দুবাইয়ে বর্ধিত বেতন ভাতার দাবিতে দক্ষিণ এশীয় শ্রমিকরা বড় ধরনের বিক্ষোভ করে। বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয় এবং শত শত শ্রমিকদের আটক করে পুলিশ। পরে বিক্ষোভে জড়িত থাকলে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই বিক্ষোভ বন্ধে সক্ষম হয় কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫৭ ঘ.