গাজা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে বৃহস্পতিবার। স্থানীয় সময় সকাল ৬টায় এ যুদ্ধবরতি শুরু হয়। কিন্তু এর আগেরদিনও গাজায় ইসরায়েলি বিমান হামলা আর গাজা থেকে সেখানে উড়ে যাওয়া একের পর এক হালকা রকেটের আঘাত কোনো পক্ষের মধ্যেই এ বিষয়টি তেমন আস্থা জাগাতে পারেনি। ফলে মিসরের মধ্যস্থতায় শুরু হওয়া এ যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কাও কাটেনি। (আরও তথ্যসহ)
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রাক্কালে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক ফিলিস্তিন বন্দুকধারী নিহত এবং অন্য একজন আহত হয়েছে। চিকিৎসাকর্মী এবং ফিলিস্তিনি গেরিলারা একথা জানিয়েছে।
যুদ্ধবিরতি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়েছে সকাল ৬টা থেকে। তবে তেল আবিবে এক বক্তব্যে এই যুদ্ধবিরতিকে নড়বড়ে এবং ক্ষণস্থায়ী বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। বুধবার তিনি বলেন, "হামাস ও অন্যান্য সন্ত্রাসী গ্র"পগুলো মনোভাব বদলায়নি, কিংবা তারা শান্তিপ্রিয়দের দিকে ফিরেও তাকায়নি।"
যুদ্ধবিরতি ভঙ্গ হলে তিনি আবারও গাজায় হামলা চালানোর হুমকি পুনর্ব্যক্ত করেন।
ওদিকে, হামাস নেতা ইসমাইল হানিয়া আস্থা প্রকাশ করে বলেন, "জাতীয় দায়দায়িত্বের কথা বিবেচনা করে সব দলই যুদ্ধবিরতি চুক্তিকে শ্রদ্ধা করবে।" বিরল সংহতির সুরে হানিয়া সাংবাদিকদের বলেন, "এই যুদ্ধবিরতিতে গাজা থেকে ক্ষেপণাস্ত্র হামলায় দুর্ভোগে থাকা ইসরায়েলিরা স্বস্তি পাবে।"
তবে তিনি সতর্ক করে দিয়ে এও বলেন যে, হামাস তার যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া এবং সশস্ত্র করে তোলার কাজ থামিয়ে রাখবে না। যুদ্ধবিরতি ভঙ্গ হলে তারা আবার হামলা শুরু করতে প্রস্তত।
যুদ্ধবিরতি সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জন্দ্রয়ে বলেছেন, "এর ফলে ইসরায়েলে আর ফিলিস্তিনি রকেট হামলা হবে না বলে এবং সেইসঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে আলোচনার আরও ভালো পরিবেশ তৈরি হবে বলে আমরা আশা করছি।"
অধিকৃত পশ্চিম তীর এই যুদ্ধবিরতির আওতার বাইরে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪২ঘ.
bdnews24