২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ও নির্দলীয়দের সমর্থনে ম্যাককেইনের চেয়ে এগিয়ে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। বুধবার প্রকাশিত রয়টার্স/জগবি জরিপে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ওয়াশিংটন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। বুধবার প্রকাশিত রয়টার্স/জগবি জরিপে একথা জানানো হয়েছে। জরিপের ফলাফলে জানানো হয়, ডেমোক্র্যাট দল থেকে প্রার্থিতা নিশ্চিত হওয়ার দু'সপ্তাহ পর এখন জনপ্রিয়তায় ম্যাককেইনের চেয়ে ৫ শতাংশ এগিয়ে আছেন ওবামা। ম্যাককেইনের ৪২ শতাংশ জনসমর্থনের বিপরীতে ওবামার অবস্থান ৪৭ শতাংশে। তবে গত মে মাসে নিউইর্কের সিনেটর হিলারি ক্লিনটন প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর ওবামা-ম্যাককেইনের ব্যবধান ছিল ৮ শতাংশ। ম্যাককেইনের সঙ্গে ব্যবধান কিছুটা কমলেও ইলিনয়ের সিনেটর ওবামার জনপ্রিয়তা নারী ও নির্দলীয় ভোটারদের মধ্যে অনেক বেড়েছে। নির্দলীয় ভোটারদের মধ্যে ম্যাককেইনের ৩০ শতাংশ সমর্থনের বিপরীতে ওবামা পেয়েছেন ৫২ শতাংশের সমর্থন। অন্যদিকে, ওবামাকে সমর্থন দিয়েছেন ৫১ শতাংশ নারী, যেখানে ম্যাককেইনের পক্ষে নারী সমর্থন মাত্র ৩৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রেসিডেন্ট নির্বাচনী ব্যবস্থায় নারী ও নির্দলীয় ভোটারদের রায় খুবই গুরুত্বপূর্ণ। এর আগে গত মঙ্গলবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ এর জরিপেও বলা হয়েছে, সার্বিকভাবে ম্যাককেইনের চেয়ে এগিয়ে আছেন ওবামা। তবে ওই জরিপের ফলাফল অনুযায়ী, কোনোও দলেরই সমর্থক নন এমন নির্দলীয় ভোটারদের মধ্যে ম্যাককেইনের জনপ্রিয়তা বেশি। জরিপ বিশেষজ্ঞ জন জগবি বলেন, "নির্দলীয় ভোটারদের উত্তরোত্তর সমর্থন ওবামাকে এগিয়ে রেখেছে। ম্যাককেইনের জন্য এটাই সমস্যা।" তিনি আরও বলেন, "অভিজ্ঞতার ঘাটতি ওবামার জন্য একটি প্রতিবন্ধকতা। তবে তার ক্ষেত্রে ভোটাররা 'পরিবর্তনের' মতো অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে।" জগবি আরও বলেন, "একই সঙ্গে ম্যাককেইনের জন্য সমস্যা হল তার বাড়তি বয়স। তবে এই সমস্যা দূরতিক্রম্য নয়।" 'ওয়াশিংটন পোস্ট - এবিসি নিউজ' পরিচালিত ওই জরিপে দেখা গেছে, প্রাপ্তবয়স্ক মার্কিনিদের মধ্যে ৪৮ শতাংশ ওবামাকে সমর্থন করেন এবং ম্যাককেইনকে সমর্থন করেন ৪২ শতাংশ। কিন্তু কোনো দলেরই সমর্থক নন এমন ভোটারদের মধ্যে ম্যাককেইন ওবামার চেয়ে বেশি জনপ্রিয়। জরিপে বলা হয়, সন্ত্রাসবাদ এবং বিদেশনীতি সামলানোর প্রশ্নে ওবামার চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছেন ম্যাককেইন। ইরাক প্রশ্নে ম্যাককেইনের ওপর নিজের ভরসা রাখার কথা জানিয়েছেন, ৪৭ শতাংশ অংশগ্রহণকারী আর ওবামার ওপর ভরসা রাখার কথা জানিয়েছেন ৪৬ ভাগ অংশগ্রহণকারী। ওয়াশিংটন পোস্টের জরিপে নির্দলীয় ভোটারদের মধ্যে ইরাক প্রশ্নে ম্যাককেইনকে সমর্থন দিয়েছেন ৪৫ শতাংশ এবং ওবামার প্রতি ৪৩ শতাংশ। ওবামার কম অভিজ্ঞতাই তার সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করা হচ্ছে। জরিপে দেখা গেছে, মাত্র ৫০ শতাংশ মার্কিনি মনে করেন ওবামার প্রয়োজনীয় অভিজ্ঞতা রয়েছে। ৫৬ শতাংশ মনে করেন প্রেসিডেন্ট হিসেবে নিরাপদ পছন্দ ম্যাককেইন, আর ৫২ শতাংশ মনে করেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.