২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল কাস্ত্রোর নতুন ভিডিও প্রকাশ

কিউবার সাবেক রাষ্ট্রনেতা ফিদেল কাস্ত্রোর নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির সরকারি মালিকানাধীন টেলিভিশন। মঙ্গলবার প্রচারিত ওই ভিডিওচিত্রে দেখা যায়, কিউবার বর্তমান প্রেসিডেন্ট ছোট ভাই রাউল কাস্ত্রো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে বাগানে বসে বৈঠক করছেন ফিদেল কাস্ত্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

হাভানা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিউবার সাবেক রাষ্ট্রনেতা ফিদেল কাস্ত্রোর নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির সরকারি মালিকানাধীন টেলিভিশন। মঙ্গলবার প্রচারিত ওই ভিডিওচিত্রে দেখা যায়, কিউবার বর্তমান প্রেসিডেন্ট ছোট ভাই রাউল কাস্ত্রো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে বাগানে বসে বৈঠক করছেন ফিদেল কাস্ত্রো। এ বছর জানুয়ারির পর এটাই তার প্রথম ভিডিও প্রচারের ঘটনা। আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটিতেও তাকে গায়ে লাল-সাদা-নীলের অ্যাথলেটিক জ্যাকেট পরে থাকতে দেখা গেছে। ৮১ বছর বয়সী ফিদেলকে দেখে অনেক কাহিল লাগলেও ভিডিওতে দেখা গেছে তিনি স্বাভাবিকভাবেই নড়াচড়া করছিলেন এবং উঠে দাঁড়িয়ে শ্যাভেজকে বিদায় দিচ্ছিলেন। টিভি উপস্থাপক জানান, শ্যাভেজ এবং রাউলের সঙ্গে প্রায় একঘন্টাব্যাপী বৈঠক করেন ফিদেল। ফিদেল কাস্ত্রো ছোট ভাই এবং বন্ধুর সঙ্গে বিশ্বের চলমান খাদ্য সংকট এবং যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে ওই টিভি সংবাদে। ২০০৬ সালে অন্ত্রের অস্ত্রোপচারের পর থেকে আর জনসমক্ষে আসেননি ফিদেল। তবে এর মাঝে বেশ কয়েকবার তার ভিডিও এবং ছবি প্রচার করা হয়েছে। তাছাড়া, তিনি প্রায়ই কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানমায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কলাম লেখেন। এর আগে কাস্ত্রোর সর্বশেষ প্রচারিত ভিডিওতে জানুয়ারি মাসে তাকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০৪ ঘ.