ইসলামাবাদ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুইস পাচারকারীদের কম্পিউটারে প্রাপ্ত স্পর্শকাতর পরমাণু যুদ্ধাস্ত্র নকশার উৎস নন বলে মঙ্গলবার দাবি করেছেন পাকিস্তানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান। একইসঙ্গে এ ঘটনায় তাকে জড়ানোর চেষ্টা পাকিস্তানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের প্রচারণা কৌশলের অংশ বলেও মন্তব্য করেছেন তিনি।
'দ্য ইনস্টিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি' (আইএসআইএস) এ সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে, ২০০৪ সালে যে তিন সুইস পাচারকারীর কম্পিউটারে পরমাণু যুদ্ধাস্ত্র নকশা পাওয়া গিয়েছিল তারা পাকিস্তানি বিজ্ঞানী আব্দুল কাদির খানের সঙ্গে জড়িত।
কিন্তু পাকিস্তানের পরমাণু কর্মসূচির সাবেক প্রধান কাদির খান মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে 'আইএসআইএস' এর ওই অভিযোগ অস্বীকার করেছেন।
কাদির খান বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যা এবং অর্থহীন। এটা পাকিস্তানকে চাপে রাখতে আমেরিকার প্রচারণা কৌশলেরই অংশ।"
আইএসআইএস এর বিবৃতিতে বলা হয়, লিবিয়া কাদির খানের কাছ থেকে যে যুদ্ধাস্ত্র নকশা নিয়েছিল পাচারকারীদের কাছে প্রাপ্ত নকশা তার চেয়ে ছোট এবং জটিল ধরনের। তবে ওই নকশাটি "খানের অন্য দুই ক্রেতা ইরান কিংবা উত্তর কোরিয়ার জন্য আদর্শ" বলেও জানায় সংস্থাটি।
কাদির খান এসব অভিযোগকে 'ফালতু' বলে উড়িয়ে দেন। তিনি বলেন, "আমরা ১৯৮৩ সালে যে নকশা বানিয়েছিলাম তা ছিল অত্যন্ত সরল যুদ্ধাস্ত্র। এরপর আমি কিংবা কেআরএল (খান রিসার্চ ল্যাবরেটরি) আর এ বিষয় নিয়ে কাজ করিনি।"
পরমাণু প্রযুক্তি পাচারের অভিযোগে ২০০৪ সাল থেকে রাজধানী ইসলামাবাদে গৃহবন্দি করে রাখা হয়েছে আব্দুল কাদির খানকে। সেসময় ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার কাছে পরমাণু প্রযুক্তি বিক্রির কথা স্বীকার করে রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতি দেন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৪৮ ঘ.
bdnews24